২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট-১ আসনে প্রার্থী হওয়ার আগ্রহ অর্থমন্ত্রীর

দশম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসন থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2013, 10:41 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

শনিবার বিকেলে নগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এ সময় অর্থমন্ত্রী বলেন, তার নির্বাচনী ওয়াদার মধ্যে অন্যতম ছিলো সিলেট কেন্দ্রীয় কারাগার স্থানান্তর, নগরবাসীকে বিশুদ্ধ পানির ব্যবস্থা করাসহ আরো কিছু যার বাস্তবায়ন প্রায় শেষ পর্যায়ে।

মন্ত্রী বলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশকে সম্প্রসারিত করে জনগণের দোরগোড়ায় সেবা পৌছে দেওয়া হয়েছে। সিলেট বিভাগীয় স্টেডিয়াম নির্মাণ ও আন্তর্জাতিক ভেন্যুতে রূপান্তরের স্বপ্ন আজ আর অধরা নয়। এভাবে একে একে সিলেটবাসীর সব স্বপ্ন বাস্তবায়িত হবে।

দুপুরে অর্থমন্ত্রী সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে উন্নয়ন কাজ পরিদর্শন করেন। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে মহীদ মিনারের উন্নয়ন কাজ সম্পন্ন করারও তাগিদ দেন তিনি।

এ সময় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান এমপি উপস্থিত ছিলেন।