ঘরের ‘শেয়ালরা’ ষড়যন্ত্র করছে: গয়েশ্বর
দল ও দলের বাইরের শত্রুদের মোকাবেলায় প্রস্তুত হতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সফল করতে বিএনপির ভেতর থেকেই ষড়যন্ত্র হচ্ছে, কেউ কেউ তার পক্ষে কাজও করছেন।
শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেন।
সংসদের মেয়াদ উত্তীর্ণের পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসেবে আগামী ২৪ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন হওয়ার কথা।
আর এটাকে ভিত্তি ধরেই সোমবার সচিবদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সংবিধান অনুযায়ী ২৪ জানুয়ারি পর্যন্ত সরকারের মেয়াদ আছে। এর আগের ৯০ দিন সংসদ থাকলেও এই সময় সংসদ অধিবেশন বসবে না।
ক্ষমতাসীন আওয়ামী লীগ সংবিধানের বর্তমান ধারা অনুসরণ করে নির্বাচনের কথা বললেও প্রধান বিরোধী দল বিএনপির এতে আপত্তি রয়েছে।
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ফিরিয়ে আনার দাবি জানিয়ে তারা বলছে, দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না তারা।
গয়েশ্বর বলেন, “শেখ হাসিনা অবশ্যই পার্লামেন্ট বাতিল করবে। তিনি বার্গেনিংয়ে রয়েছেন। এই বার্গেনিং সফল করার ক্ষেত্রে এবং বিএনপিকে নির্বাচনে নিতে ঘরের শত্রুরা বেগম খালেদা জিয়াকে ভুল বোঝানোর চেষ্টা করবেন। তাকে (শেখ হাসিনা) সফল করতে ঘরের শেয়ালরা কাজ করছেন।”
আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, “সুরঞ্জিত সেন বলেছেন প্রধানমন্ত্রী চাইলে সংসদ বাতিল করতে পারবেন; এটি প্রধানমন্ত্রীর এখতিয়ার। এখানেই পরিষ্কার যে শেখ হাসিনার বার্গেনিংয়ের চেষ্টায় ঘরের শত্রুরা কাজ করছেন।”
এ অবস্থায় যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা।
তিনি বলেন, “আমাদের মনে রাখতে হবে সুরঞ্জিত বাবু বলেছিলেন- বাঘে ধরলে ছাড়ে কিন্তু শেখ হাসিনা ধরলে ছাড়ে না।
তাই সভা সেমিনারের পরিবর্তে চরম আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে মোকাবেলা করতে হবে। সভা সেমিনার করা আর উলু বনে মুক্তা ছড়ানো একই কথা।”
ঘরের ‘শেয়ালরা’ খালেদা জিয়াকে বন্দি করতে পারলে বাঘের রূপ নেবে বলেও মন্তব্য করেন তিনি।
জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবীর মুরাদ, সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, ড্যাব নেতা আব্দুল কুদ্দুস প্রমুখ বক্তব্য রাখেন।
