নেতাদের চোখে রাখতে কর্মীদের বললেন গয়েশ্বর
বিএনপির ভেতরে ‘ষড়যন্ত্রকারী’ রয়েছে সন্দেহ করে নেতাদের ওপর চাপ রাখতে কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়।
দলের ভেতরে ষড়যন্ত্রকারী রয়েছে দাবি করে মির্জা আব্বাসের বক্তব্যের দুদিনের মাথায় একই সন্দেহ প্রকাশ করলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
গয়েশ্বর বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বলেন, “শেখ হাসিনার পায়ের নিচে মাটি তো দূরের কথা, পানিও থাকার কথা নয়। তারপরও ২৪ জানুয়ারি সংসদ বলবৎ রেখে নির্বাচন করবেন এমন বক্তব্য দেয়ার সাহস কোথায় পেল? এ বক্তব্যের পেছনে নিশ্চয়ই কোনো শক্তি রয়েছে।
“বিএনপির দুর্বলতা হচ্ছে ষড়যন্ত্র মোকাবেলায় বরাবর উদাসীন। সবকিছুকে কথার কথা বলে উড়িয়ে দেয়।”
ওয়ান-ইলেভেনের মতো বিএনপি ভাঙার ষড়যন্ত্র এখনো রয়েছে দাবি করে গয়েশ্বর বলেন, “দলের মধ্যে আবার অতীতের সেই শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করছে। যারা খালেদা জিয়াকে ছাড়াই নির্বাচনে যাওয়ার প্রস্তাব দিচ্ছে।”
“মীর জাফরদের জন্ম রাস্তায় হয় না, এদের জন্ম প্রাসাদেই হয়। ঘরের মীরজাফরদের খুঁজে বের করার চেষ্টা করুন। যতবড় নেতাই হোক, সন্দেহভাজন হলে তাদের ছাড় দেবেন না,” কর্মীদের উদ্দেশে বলেন তিনি।
গয়েশ্বর বলেন, “সরকার এখন বিএনপি থেকে জামায়াতকে সরিয়ে নির্বাচনে নেয়ার ষড়যন্ত্র করছে। তারা জামায়াতকে ভয় দেখাচ্ছে নির্বাচনে অংশ নিতে, নইলে নেতারা ফাঁসিতে ঝুলবে। এটা একটি রাজনৈতিক ব্লাকমেইল।”
