১৫ অগাস্ট-২১ অগাস্ট স্মরণে সভা নিউ ইয়র্কে
জাতীয় শোক দিবস ও ২১ অগাস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে যৌথ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা যুব কমান্ড।
স্থানীয় সময় রোববার রাতে নিউ ইয়র্ক পালকি পার্টি সেন্টারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমান্ডার নূরন্নবীর সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন,
যুদ্ধাপরাধ মামলার রায় কার্যকর, জামায়াত-শিবির, হেফাজতকে নিষিদ্ধ, ২১ আগস্টে গ্রেনেড হামলার হোতাদের বিচার সম্পন্ন হলে এবং গত সাড়ে ৪ বছরের উন্নয়ন কর্মকাণ্ড মানুষের কাছে তুলে ধরতে পারলে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট আবার ক্ষমতায় আসবে।
সমাবেশের প্রধান অতিথি নিউ জার্সি প্লেইন্সবরো সিটি কাউন্সিলর মুক্তিযোদ্ধা নূরন্নবী বলেন, “বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র বানাতে ষড়যন্ত্রের অংশ হিসেবে ‘ইসলাম গেল’ বলে চিৎকার করছে হেফাজত ও জামাতিরা। তাদের প্রতিহত করতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রবাসীদের ঐক্যবদ্ধ হতে হবে।”
এ বাতেন এবং শাহীন ইবনে দিলওয়ারের যৌথ পরিচালনায় এ সমাবেশে আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুবকমান্ডের সভাপতি জাকারিয়া চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, কোষাধ্যক্ষ আবুল মনসুর খান, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দা রিফাত আকতার নিশু, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার ফ্লাইট সার্জেন্ট সাইদুর রহমান, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা এন আমিন, উপদেষ্টা ও ডিএনসি মেম্বার খোরশেদ খন্দকার, সহসভাপতি হাজী মফিজুর রহমান প্রমুখ।
