২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার জাতিকে বিভক্ত করছে: জামায়াত

একাত্তরে মানবতাবিরোধী অপরাধীদের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভেঙে দেয়ার পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি জানিয়েছে একাত্তরে স্বাধীনতার বিরোধিতাকারী জামায়াতে ইসলামী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2013, 08:43 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

শুক্রবার এক বিবৃতিতে দলটি এ দাবি জানায়। 

সম্প্রতি হাই কোর্টের রায়ে নির্বাচন কমিশনে নিবন্ধন বাতিল হওয়া দলটির সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বিবৃতিতে বলেন, “এ দেশের মানুষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১৯৮৩ থেকে ৯০ সাল এবং ১৯৯৩ থেকে ৯৬ সাল পর্যন্ত আন্দোলন করেছে। সেই আন্দোলনে বহু লোক জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, জেল খেটেছে। তারপর সেই আন্দোলন সফল হয়েছে।”

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সরকার মূলত যারা জীবন দিয়েছে ও রক্ত দিয়েছে তাদের রক্তের সাথে ‘বেঈমানি’ করেছে উল্লেখ করে তিনি বলেন, “সরকার নন-ইস্যুকে ইস্যু বানিয়ে তথাকথিত মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে জাতিকে বিভক্ত করে দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে গণতন্ত্র ও আইনের শাসন ধ্বংস করে গায়ের জোরে ক্ষমতায় থাকার চেষ্টা করছে।

“তারা জামায়াত-শিবির সহ বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার, নির্যাতন ও কারাগারে আটকে রেখে দেশে সংঘাত, নৈরাজ্য সৃষ্টি করে গণতন্ত্র ও আইনের শাসন ধ্বংস করে আবারো একদলীয় বাকশালী স্বৈরশাসন চাপিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে।”

সরকারের এই ‘ষড়যন্ত্রের’ বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়াবার আহ্বান জানিয়ে তিনি বলেন, “অবিলম্বে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ ট্রাইব্যুনাল ভেঙে দিয়ে জামায়াতের শীর্ষ নেতাসহ আঠারো দলের গ্রেপ্তারকৃত সব নেতাকর্মীদের মুক্তি দিয়ে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করে পদত্যাগের জন্য আমি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।”

এর ব্যত্যয় ঘটলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুমকি দেন তিনি।