২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমঝোতা না হলে সংঘাত অনিবার্য: ফখরুল

নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে সমঝোতায় আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2013, 03:27 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

“আমরা এখনো আশা করছি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের উদ্যোগ সরকার নেবে। নইলে সংঘাত অনিবার্য,” হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

দলের যুগ্মমহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠকের পর শনিবার দুপুরে নয়া পল্টনের কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

নবম জাতীয় সংসদের কার্যকাল শেষ হওয়ার আগেই নির্বাচনকালীন নির্দলীয় সরকারের বিল তুলে তা পাস করতে ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানান তিনি।

তা না হলে সাংবিধানিক সঙ্কটের আশঙ্কাও প্রকাশ করে বিএনপির মুখপাত্র। 

“প্রধানমন্ত্রী বলেছেন, ২৫ অক্টোবরের পর নির্বাচনের ব্যবস্থা নেয়া হবে, তবে সংসদ থাকবে। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, সংসদ রেখে আরেকটি সংসদ নির্বাচনের ব্যবস্থা করার কোনো বিধান সংবিধানে নেই।

“ফলে তারাও (সংবিধান বিশেষজ্ঞরা) বলতে পারছেন না, ২৫ অক্টোবরের পর দেশে কী হবে। এরকম অবস্থা থাকলে সাংবিধানিক সঙ্কট সৃষ্টি হবে।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের প্রতিক্রিয়ায় ফখরুল বলেন, “সৈয়দ আশরাফ সাহেব আগে সব সময় বলে এসেছেন, সব কিছু আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে। গতকাল যা বলেছেন, তাতে মনে হচ্ছে তিনি মাঝে মধ্যে চাপের মধ্যে এমন কথা বলেছেন।”

জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, “যারা শোক দিবসে ফুর্তি করে, তাদের সঙ্গে কোনো সংলাপ ও সমঝোতা নয়।”

এর প্রতিক্রিয়ায় জাতীয় প্রেসক্লাবে শনিবার এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “সৈয়দ আশরাফ সাহেবরা নার্ভাস হয়ে গেছেন।”

দলীয় কার্যালয়ে ফখরুলের সভাপতিত্বে বৈঠকে ছিলেন যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সালাহউদ্দিন আহমেদ, মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, গোলাম আকবর খন্দকার প্রমুখ।

বৈঠকের আলোচনা ও পরবর্তী কর্মসূচি জানতে চাইলে বিএনপির মুখপাত্র বলেন, রাতে স্থায়ী কমিটির বৈঠক আছে। রোববার ১৮ দলীয় জোটের বৈঠক হবে। এরপরই কর্মসূচি জানানো হবে।