২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকলে তা কি আপনারা মানতেন: ফখরুল

দলীয় সরকারের অধীনে নির্বাচনে যেতে আওয়ামী লীগ নেতাদের আহ্বান প্রত্যাখ্যান করে নির্বাচনকালীন নির্দলীয় সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি আবার জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2013, 07:32 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

“আওয়ামী লীগ বারবার বলছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন, আর নির্বাচন হবে। আজ যদি খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকতেন, তাহলে কি তারা এটা মেনে নিত?”

বৃহস্পতিবার বগুড়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিনের আলোচনা সভায় বিএনপি নেতা ক্ষমতাসীনদের উদ্দেশে এই প্রশ্ন করেন।

সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত হওয়ায় এখন নির্বাচিত সরকারের অধীনে পরবর্তী সাধারণ নির্বাচন হবে।

সংবিধান অনুসরণ করে আওয়ামী লীগ নেতারা বিরোধী দলকে নির্বাচনে আসতে আহ্বান জানালেও বিএনপি বলছে, দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না।  

বিএনপি দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না জানিয়ে ফখরুল বলেন, এই ধরনের নির্বাচন করার প্রশ্নই ওঠে না। তা করতে চাইলে এদেশের মানুষ তা প্রতিহত করবে।

“এখন একটি কথা আন্দোলন, আন্দোলন, আন্দোলন।”

সংসদ অধিবেশনে যোগ দিতে সরকারি দলের আহ্বানের প্রতিক্রিয়ায় বিএনপির মুখপাত্র বলেন, “আমরা সংসদে তখনি যাব,যখন নিদলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিল সংসদে আনা হবে। তার আগে নয়। সংশোধনী বিল আনলেই সংসদে যাব।”

জোটসঙ্গী জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল নিয়ে হাই কোর্টের রায়ের বিষয়ে তিনি বলেন, “জামায়াতের অনেক বিষয়ের সঙ্গেই আমরা একমত নই। তবে তাদের নিবব্ধন বাতিল আদালতের মাধ্যমে করার প্রক্রিয়াকে সমর্থন করি না। রাজনীতিক সিদ্ধান্ত রাজনীতিকভাবেই হওয়া উচিত।”

টিটু মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত  এই আলোচনা সভার শুরুতেই দলীয় কর্মীদের স্লোগান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ভারপ্রাপ্ত মহাসচিব।

“শুধু অঙ্গ সংগঠনের পক্ষে স্লোগান দেয়া হচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া, বাংলাদেশের অহংকার তারেক রহমানের নামে একটি স্লোগানও দেননি।”

এরপর ফখরুল নিজেই তাদের নামে স্লোগান দেয়া শুরু করলে সমবেত সবাই তার সঙ্গে কণ্ঠ মেলায়।

বিএনপির মুখপাত্র বলেন, “খালেদা জিয়া শুধু দলের নয়, বগুড়া নয়, ১৬ কোটি মানুষের আশা-আশঙ্কার প্রতীক।

“বগুড়া আমাদের তীর্থস্থান। চেয়ারপারর্সনের শুশ্বরবাড়ি, তারেক রহমানের পৈত্রিক বাড়ি এবং শহীদ জিয়ার জন্মভূমি।”

জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারর্সনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু, এমপি আব্দুল মোমিন তালুকদার খোকা, এমপি হাফিজুর রহমান, এমপি মোস্তফা আলী মুকুল, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন প্রমুখ।

সভার শুরুতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে একটি কেক কাটেন ফখরুলসহ বিএনপি নেতারা।