২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোক দিবসের অনুষ্ঠানে অনুপস্থিত চট্টগ্রামের মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না মেয়র মোহাম্মদ মনজুর আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2013, 05:54 PM

Updated : 25 Apr 2022, 07:07 PM

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতি বছরের মতো এবারো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে খতমে কোরআন, মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মেয়র মনজুর ২০১১ ও ২০১০ সালে সিটি করপোরেশনের জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এবার তার অনুপস্থিতিতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন।

মেয়রের অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে তার একান্ত সচিব মঞ্জুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেয়র মহোদয় পারিবারিক কাজে চৌদ্দগ্রাম গেছেন।”

“আজ (বৃহস্পতিবার) সকালেই তার চট্টগ্রাম চলে আসার কথা ছিল। কিন্তু পারিবারিক কাজে ব্যস্ত থাকায় তিনি ফিরতে পারেননি।”

বিএনপি নেতা মনজুর আলমের মোবাইল ফোনে কল করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদকের পরিচয় জানার পর সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে কল করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

২০১০ সালে বিএনপির সমর্থন নিয়ে মেয়র নির্বাচিত হওয়ার পর মনজুর আলম দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা মনোনীত হন।

সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহম্মদের সঞ্চালনায় এবার শোক দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন চার কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, মোরশেদ আকতার চৌধুরী, রেহানা কবির রানু ও আঞ্জুমান আরা বেগম।

উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী আলী আহম্মদ, সচিব রশিদ আহম্মদ ও মেয়রের একান্ত সচিব মঞ্জুরুল ইসলাম।