২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬৯ পাউন্ডের কেক কেটে খালেদার জন্মদিন পালন

দলীয় কার্যালয়ে ৬৯ পাউন্ডের সাতটি কেক কেটে খালেদা জিয়ার জন্মদিন উদযাপন করেছে বিএনপির নেতা-কর্মীরা।

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2013, 02:14 PM

Updated : 25 Apr 2022, 07:07 PM

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবার ৬৯ বছরে পা দিচ্ছেন। ১৯৪৫ সালে তার জন্ম। তবে ১৫ অগাস্টে তার এই জন্মদিন নিয়ে বিতর্ক রয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর বিএনপি, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, ছাত্রদল ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ওই সাতটি কেক কাটেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস ও সহসভাপতি সাদেক হোসেন খোকা।

কেক কাটার সময় দলের নেতা-কর্মীরা শ্লোগান ধরেন- ‘শুভ শুভ জন্মদিন, খালেদা জিয়ার জন্মদিন’।

পরে খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, “দেশনেত্রীর ৬৮তম জন্মবার্ষিকী আজ। আমরা এই দিনে তার দীর্ঘায়ু কামনা করছি। দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাইছি।

“আমরা দোয়া করি- তিনি যেন সুস্থ থেকে এদেশে জনগণের সেবা করতে পারেন। গণতন্ত্র রক্ষার মাধ্যমে আমাদের নেত্রী দেশের অগ্রগতি ও মানুষের কল্যাণ করে যেতে পারেন।”

নির্দলীয় সরকারের চলমান আন্দোলনে বিরোধী দলীয় নেত্রীর প্রতি সমর্থন অব্যাহত রাখার জন্য দেশবাসীর কাছে আহ্বান জানান মোশাররফ।

প্রায় প্রতি বছর জন্মদিনের প্রথম প্রহরে খালেদা জিয়া গুলশানে তার কার্যালয়ে যান। সেখানে নেতা-কর্মী-সমর্থকরা তাকে শুভেচ্ছা জানান।

তবে এবার জোটসঙ্গী জামায়াতের হরতাল থাকায় তিনি বুধবার রাতে গুলশানের কার্যালয়ে যাননি বলে তার প্রেসসচিব মারুফ কামাল খান জানান।

জ্যেষ্ঠ নেতারা বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় গুলশানের কার্যালয়ে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন বলে জানা গেছে।

নয়া পল্টনে কেক কাটার সময়ে দলের সহসভাপতি সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, গাজীপুরের মেয়র এম এ মান্নান, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মাহবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কেন্দ্রীয় নেতা নিতাই রায় চৌধুরী, আবুল খায়ের ভূঁইয়া, মাসুদ আহমেদ তালুকদার, সানাউল্লাহ মিয়া, সুলতান সালাহউদ্দিন টুকু, মহানগরের কাজী আবুল বাশার, নবী উল্লাহ নবী, যুব দল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের হাবিব উন নবী খান সোহেল, মীর সরফত আলী সপু, শফিউল বারী বাবু, মহিলা দলের সভানেত্রী নুরী আরা সাফা, শিরিন সুলতানা, শ্রমিক দলের জাফরুল হাসান, নুরুল ইসলাম খান নাসিম, ছাত্র দলের আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, হাবিবুর রশীদ হাবিব, জাসাসের কাজী মাজহারুল আনোয়ার, এম এ মালেক, মনির খান, আশরাফউদ্দিন উজ্জল, আবু সালেহ, সালাহউদ্দিন শিশির, মৎসজীবী দলের রফিকুল ইসলাম মাহতাব, তাঁতী দলের হুমায়ুন ইসলাম খান, আবুল কামাল আজাদ, উলামা দলের হাফেজ আবদুল মলেকসহ সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এছাড়া নয়া পল্টনে মহানগর বিএনপির কার্যালয়ে ঢাকা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা হয়।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে রফিকুল ইসলাম মিয়া, মাহবুবউদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া, ইকবাল হোসেন বক্তব্য দেন।

খালেদা জিয়ার বাবা এস্কান্দার মজুমদারের বাড়ি ফেনী হলেও তিনি দিনাজপুরে ঠিকানা নেন। খালেদা জিয়ার জন্মও সেখানে। তার মায়ের নাম তৈয়বা মজুমদার।

১৫ অগাস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন করা হলেও তার আরো জন্ম তারিখের হদিস পাওয়া যায়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দিনে জন্মদিন পালন নিয়ে অনেক সমালোচনাও রয়েছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে খালেদার স্বামী প্রয়াত জিয়াউর রহমানের সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে।

সেনা কর্মকর্তা জিয়ার সঙ্গে ১৯৬০ সালে খালেদার বিয়ে হয়। পঁচাত্তরে পটপরিবর্তনের পর প্রথমে সামরিক আইন প্রশাসক এবং পরে রাষ্ট্রপতি হন জিয়া।

১৯৮১ সালে ৩০ মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় জিয়া নিহত হলে রাজনীতিতে পা রাখেন খালেদা। প্রথমে দলের ভাইস চেয়ারম্যান এবং তিন বছর পর চেয়ারপারসন নির্বাচিত হন তিনি।

এরশাদবিরোধী আন্দোলনে খালেদা জিয়া বলিষ্ঠ ভূমিকা পালন করেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, ‘ক্যান্টনমেন্টে’ জন্ম নেয়া দল বিএনপির জনভিত্তি তৈরি করে দেন খালেদাই।

১৯৯১ সালে সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হলে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন খালেদা। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনের পর কয়েক দিনের জন্য প্রধানমন্ত্রী ছিলেন তিনি।

২০০১ সালের নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট জয়ী হলে পুনরায় প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। ২০০৮ সালের নির্বাচনে হারের পর সংসদে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করছেন তিনি।