২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মসূচি ঠিক করতে বৈঠক ডেকেছেন খালেদা

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনের কর্মসূচি ঠিক করতে ১৮ দলীয় জোট এবং দলের নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে বসছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2013, 02:42 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

আগামী বুধবার রাতে স্থায়ী কমিটি এবং বৃহস্পতিবার ১৮ দলীয় জোটের বৈঠক ডেকেছেন তিনি।

তার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৪ আগস্ট রাত সাড়ে ৮টায় স্থায়ী কমিটির বৈঠক হবে। পরদিন রাতে হবে ১৮ দলীয় জোট নেতাদের বৈঠক। এসব বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আন্দোলনের বিষয়ে আলোচনা হবে।”

শুক্রবার ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া সাংবাদিকদের বলেন, সরকার নির্দলীয় সরকারের বিল সংসদ পাস করলে বিএনপি আর আন্দোলন করবে না।

যদিও রমজানে বিভিন্ন আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বার বার বলেছেন, ঈদের পর কঠোর কর্মসূচি নিয়ে এগোবে বিরোধী দল।

দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এখনো আশা করছি, সরকার সমঝোতার পথে ফিরে আসবে। নির্দলীয় সরকারের বিষয়ে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নেবে। আমাদের নেত্রী ইতিমধ্যে বলেছেন, সরকার নির্দলীয় সরকারের দাবি মেনে নিলে আন্দোলন করার প্রয়োজন হবে না।”

আর সরকার দাবি না মানলে ‘আন্দোলন ছাড়া বিকল্প থাকবে না’ বলে মন্তব্য করেন ফখরুল।

কি ধরনের কর্মসূচি আসতে পারে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। আমরা আন্দোলনকে চূড়ান্ত পর্যায় নিতে কর্মসূচি দেব।”

এদিকে আদালত নিবন্ধন বাতিল করায় বিএনপির জোটসঙ্গী জামায়াত মঙ্গল ও বুধবার টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে। বিএনপি ওই হরতালে সরাসরি সমর্থন না দিলেও মির্জা ফখরুল এর আগে এক বিবৃতিতে বলেছেন, রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল আদালতের মাধ্যমে নির্ধারিত হওয়া সঙ্গত নয় বলেই বিএনপি মনে করে।

জামায়াতের ওই হরতাল শেষে বুধবার রাতেই আন্দোলনের কর্মসূচি নিয়ে বৈঠকে বসতে যাচ্ছেন খালেদা জিয়া।