ঐক্য ধরে রাখাই প্রথম কাজ: মোশাররফ
দলের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য হওয়ায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম আওয়ামী লীগ।
বৃহস্পতিবার চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে মোশাররফ বলেন, দলের ঐক্য ধরে রাখাই হবে তার প্রথম কাজ।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি, সংসদ সদস্য মোশাররফকে শুক্রবার সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে মনোনীত করা হয়।
উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালামের সঞ্চালনায় নগরীর একটি হোটেলে এই সংবর্ধনা অনুষ্ঠানে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীও ছিলেন।
এছাড়াও ছিলেন দক্ষিণ জেলার সভাপতি মোসলেম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী ও রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল প্রমুখ।
সাবেক মন্ত্রী মোশাররফ বলেন, “এটা দলীয় সভানেত্রীর কাছ থেকে ঈদ উপহার। আমি ও মহিউদ্দিন চৌধুরী সভানেত্রী শেখ হাসিনার সুদিনে-দুর্দিনে সবসময় সঙ্গে ছিলাম। তিনি যেভাবে চেয়েছেন, সেভাবে তাকে সহযোগিতা করেছি।”
নতুন দায়িত্ব পাওয়ার পর নিজের সক্রিয়তা আরো বাড়াবেন জানিয়ে তিনি বলেন, “দলে যে বিভাজন আছে, তার অবসান ঘটানো এবং সরকারের বিরুদ্ধে যে অপপ্রচার চলছে, তা মোকাবেলায় কাজ করব।
“ঐক্যবদ্ধভাবে তা জনগণের কাছে তুলে ধরে গতবারের বিজয়ী আসন ধরে রাখতে ও নতুন নতুন আসনে বিজয়ী হওয়ার লক্ষ্যে কাজ করব।”
বিরোধী দলের সমালোচনা করে মিরসরাইয়ের এই সংসদ সদস্য বলেন, “যুদ্ধাপরাধের বিচার নিয়ে বিএনপি নিশ্চুপ। এতে প্রমাণ হয়, বিএনপি যুদ্ধাপরাধের বিচার চায় না। তারা ক্ষমতায় এলে সব যুদ্ধাপরাধীকে ছেড়ে দেবে। তাই আমরা ক্ষমতায় থাকতেই যুদ্ধাপরাধের বিচার শেষ করতে চাই।”
বিএনপির অন্দোলন আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে জনগণকে নিয়ে এবং প্রশাসনিক শক্তির সহায়তায় ঠেকাবে, বলেন তিনি।
নিজের নির্বাচনী আসনের পাশের এলাকা সীতাকুণ্ডে গত বুধবার ইসলামী ছাত্রশিবির কর্মী নিহত হওয়ার বিষয়ে মোশাররফ বলেন, “নিহত ব্যক্তি শিবিরের জঙ্গি নেতা ও চিহ্নিত সন্ত্রাসী। তাদের নিজস্ব দ্বন্দ্বে সে মারা গেছে।”
বুধবার সীতাকুণ্ডে আবদুল্লাহ আল রাসেল বাবু হত্যাকাণ্ডের জন্য জামায়াতে ইসলামী দায়ী করেছে আওয়ামী লীগকে।
ওই ঘটনার পর শিবিরকর্মীদের অবরোধে সাড়ে তিন ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। অবরোধের সময় সংঘর্ষে নিহত হন এক জামায়াতকর্মী।
