নড়াইলে শিবিরের ৫ নেতাকর্মী আটক
নাশকতার আশঙ্কায় ইসলামী ছাত্রশিবিরের নড়াইল জেলা সভাপতি, সাধারণ সম্পাদকসহ পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলা কারাগারের গেট থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- নড়াইল জেলা ছাত্রশিবিরের সভাপতি রজিবুল ইসলাম মনির (৩০), সাধারণ সম্পাদক খান আব্দুস সুবহান (২৫), সদর পশ্চিম সভাপতি আব্দুল ওয়াহাব (২৩), সদর উপজেলা হবখালী ইউনিয়ন জামায়াতের আমির মুজিবুর রহমান (৪৫) ও শিবিরকর্মি সুজন (২০)।
জেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সভাপতি রজিবুল ও সেক্রেটারি সুবহান অন্য মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়ে সকালেই কারাগার থেকে মুক্তি পেয়ে বের হন আর ওই সময়ই তাদেরসহ পাঁচ জনকে আটক করা হয়েছে।
নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক চন্দ্র সাহা জানান, পাঁচ জনের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মামলা রয়েছে।
নাশকতা করতে পারে এ আশংকায় তাদের জেলা কারাগারের সামনে থেকে আটক করা হয়েছে।
