ফেনীতে বিএনপি-যুবদল সংঘর্ষ
ফেনীতে ইফতার মাহফিলের আয়োজন শেষে বিএনপির দুটি পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।
শনিবার সন্ধ্যার দিকে এ ঘটনায় একাধিক সমর্থক আহত হয়েছে বলে দাবি করেছে উভয়পক্ষ।
পরশুরাম থানার ওসি আলী আরশাদ বলেন, সংঘর্ষের ঘটনা শুনে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
শনিবার পরশুরামের অডিটরিয়ামে পৌর বিএনপি এবং পরশুরাম উত্তর বাজারের কালীবাড়ী এলাকায় পৌর যুবদল ইফতার মাহফিলের আয়োজন করে।
বিএনপির ইফতারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তালেব এবং পৌর যুবদলের ইফতারে জেলা যুবদলের সভাপতি গাজী হাবিব উল্লাহ মানিক অতিথি ছিলেন।
ইফতার শেষে রাস্তায় নেমে মিছিল-শ্লোগান দিতে শুরু করে তালেব ও মানিকের সমর্থকরা।
একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয় বলে জানান ওসি আলী আরশাদ।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তালেব দাবি করেন প্রতিপক্ষের হামলায় তাদের সাত সমর্থক আহত হয়েছে।
অন্যদিকে জেলা যুবদলের সভাপতি গাজী হাবিব উল্লাহ মানিক বলেন, পৌর বিএনপির ব্যানারে সরকারি দলের লোকজন ইফতারের পর তার গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে এবং ককটেল বিস্ফোরণ ঘটনায়।
“এতে আমার ৪/৫ জন কর্মী আহত হয়েছে।”
