২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবাই তাকে ‘মিছা ফখরুল’ বলে: হাছান

‘অসত্য’ কথা বলার জন্য বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করেছেন আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2013, 06:33 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

তিনি বলেছেন, “বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে এখন সবাই ‘মিছা ফখরুল’ বলেন। এই ‘মিছা ফখরুল’ মিথ্যা কথা বলে দেশের মানুষকে বিভ্রান্ত করছেন।”

আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ শনিবার তার নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক অনুষ্ঠানে একথা বলেন।

জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেয়া হাই কোর্টের রায়ের বিষয়ে তিনি বলেন, “বাংলাদেশে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল হওয়ায় পাকিস্তানে জামায়াতে ইসলামী বিক্ষোভ করেছে।

“বাংলাদেশে বিএনপি ও জামায়াতে ইসলামীও একই ভাষায় কথা বলছে। এতে প্রমাণিত হয়েছে জামাত-বিএনপি পাকিস্তানের দালালি করছে।”

Image
পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ

পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ

পরিবেশমন্ত্রী হাছান আশা প্রকাশ করেছেন, আগামীতেও জনগণ আওয়ামী লীগকে ক্ষমতায় পাঠাবে।

রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ক্ষেত্রবাজারে রমজান ও ঈদ উপলক্ষে দুস্থদের মধ্যে বিনামূল্যে চাল বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রী।

সরফভাটা ইউপি চেয়ারম্যান মুজিবুল ইসলাম সরফীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রউফ মাস্টার, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, আহমদ সৈয়দ মাস্টার, নিজাম উদ্দিন বাদশা প্রমুখ।