ইসলামের বিপদ তেঁতুল হুজুররা: ইনু
খালেদা জিয়া জামায়াতে ইসলামী, যুদ্ধাপরাধী ও হেফাজতে ইসলামকে নিয়ে ক্ষমতায় যেতে চান বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শুক্রবার বিকেলে তথ্যমন্ত্রী গাজীপুরে জেলা জাসদের উদ্যোগে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার পার্টির আগে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি অ্যাডভোকেট আব্দুর রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আকম মোজাম্মেল হক এমপি, জাহিদ আহসান রাসেল এমপি, জাসদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সদস্য ডা. মোয়াজ্জেম হোসেন, জাসদের স্থায়ী কমিটির সদস্য শিরিন আখতার, অধ্যাপক এমদাদুল হক প্রমুখ।
ফাইল ছবি
“যখনই আমরা ৫২’র ভাষা আন্দোলন করেছি, তখনই কিছু পাকিস্তানি দালাল, রাজনৈতিক মোল্লারা বলেছে ইসলাম বিপদে পড়েছে। যখন বঙ্গবন্ধু ছয় দফা দিয়েছেন, বাঙালির অধিকারের দাবি তুলেছেন, তখনই তারা বলেছে ইসলাম বিপদে পড়েছে। যখন আমরা দেশ স্বাধীন করার জন্য লড়াই শুরু করেছি, তখনই রাজনৈতিক মোল্লা জামায়াতে ইসলামী আর পাকিস্তানিরা বলেছে ইসলাম বিপদে পড়েছে।”
“ইসলামের বিপদ হচ্ছে জামায়াতে ইসলামী, জঙ্গিবাদী, সন্ত্রাসী গোষ্ঠী, ইসলামের বিপদ হচ্ছে তেঁতুল হুজুর আহম্মদ শফি। এদেরকে যাদি আটকানো যায় তবেই ইসলাম নিরাপদ হবে।”
তিনি জামায়াতে ইসলামীকে গণতন্ত্রের বিষ পোকা এবং জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধীকে আগাছার সঙ্গে তুলনা করে বলেন, গণতন্ত্রকে বাঁচাতে হলে জামায়াতে ইসলামীকে ধ্বংস করতে হবে, বিচার করে বে-আইনি ঘোষণা করতে হবে।”
“গণতন্ত্রকে নিরাপদ করতে হলে জামায়াতে ইসলামীসহ যুদ্ধাপরাধ, হেফাজতের তেঁতুল হুজুরদের দমন, নিষিদ্ধ এবং সাজার ব্যবস্থা করতে হবে।”
