২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির দুই নেতার বিরুদ্ধে কক্সবাজারে মামলা

বন ও পরিবেশ মন্ত্রী ড. হাসান মাহমুদকে ‘দুর্নীতি পরায়ণ’ বলায় চট্টগ্রামের বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও ইউনুচ তালুকদারের বিরুদ্ধে কক্সবাজার আদালতে একটি মামলা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2013, 09:00 PM

Updated : 23 Aug 2022, 06:38 PM

বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুলতানুল আলম।

মামলাটি আমলে নিয়ে বিচারক সাইফুল ইসলাম তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার জন্য কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপারকে নিদের্শ দিয়েছেন।

মামলায় সুলতানুল আলম বলেছেন, মন্ত্রী হাসান মাহমুদকে দুর্নীতি পরায়ণ বলায় তার পরিবার ও ভক্তদের অপূরণীয় ক্ষতি হয়েছে।   

গিয়াস ও ইউনুচের বিরুদ্ধে পর্যায়ক্রমে দন্ডবিধি আইনের ৫০০ এবং ১০৯ ধারায় মামলা করেছেন বলেও জানান বাদী। 

গত ২৮ জুলাই চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির এই দুই নেতা বলেছিলেন, চট্টগ্রামের ইতিহাসে ড. হাসান মাহমুদের মত দুর্নীতি পরায়ণ মন্ত্রী আর আছে কিনা সন্দেহ।