‘বিএনপি ড. কামালদের চাচ্ছে’
আসন্ন নির্বাচনের সম্ভাব্য ফলাফল নিয়ে সরকারের শীর্ষ নেতৃত্ব ও প্রধানমন্ত্রীপুত্রের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন সাবেক বামপন্থী ও উদারপন্থী বলে পরিচিত কয়েকজন রাজনীতিবিদ।
জেএসডি নেতা আ স ম আবদুর রবের ডাকে এই আলোচনা সভায় যোগ দেন বিকল্পধারা সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমেদ, নাগরিক ঐক্যের সদস্য সচিব মাহমুদুর রহমান মান্না।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্লাহ চৌধুরী, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক মাহবুব উল্লাহও এই আলোচনা সভায় যোগ দেন।
সভায় বক্তব্যে আওয়ামী লীগ ও বিএনপির বাইরে আলাদা রাজনৈতিক বলয় গড়ে তোলার কথা উঠেছে।
এই আলোচনার ডাক দেয়া রবও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “সেরকম একটা টোনই আমরা আলোচনায় রেখেছি।”
এই আলোচনায় সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামানকেও আমন্ত্রণ জানানো হয় বলে রব জানান। তবে তারা যাননি।
আওয়ামী লীগ ও বিএনপির সমালোচনা করে এক সময়ের বাসদ নেতা মান্না সভায় বলেন, “দুটি দলই লিমিটেড কোম্পানি। তাদের ম্যানেজিং ডিরেক্টর যা বলবেন, তাই বাস্তবায়ন হবে।
“বিএনপি আগামী নির্বাচনের জন্য বি চৌধুরী, কামাল হোসেন, কাদের সিদ্দিকীকে চাচ্ছেন। কারণ জামায়াতে ইসলামীকে মানুষ দেখতে চায় না।”
তারেক রহমানকে ইঙ্গিত করে মান্না বলেন, “একজন লন্ডনে রয়েছেন, সেখানে পড়ালেখা করেন। জ্ঞান অর্জন করছেন। তিনি একটি নির্বাচনী প্রচারণায় কথাও বলেছেন। সেখানে নতুন ধারার সরকার গঠনের জন্য প্রতিজ্ঞা করেছেন। তার মা-ও (খালেদা জিয়া) এই কথা বলছেন।”
শেখ হাসিনা ‘জেদি ও অহঙ্কারি’ আখ্যায়িত করে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মান্না বলেন, “এই মা (শেখ হাসিনা) সন্তানের বক্তব্য সমর্থন করে মাঠে নেমে পড়েছেন।”
যুদ্ধাপরাধের বিচার ‘একতরফা’ হচ্ছে বলে দাবি করেন আওয়ামী লীগের সাবেক এই নেতা।
এক সময়ের বামপন্থী রাজনীতিক কাজী জাফর আহমেদ প্রধানমন্ত্রীপুত্রের বক্তব্যের প্রসঙ্গ ধরে বলেন, “জয় শব্দ চয়নে ভুল করেছে। সে হয়ত বলতে চেয়েছিল, তার কাছে ‘নীলনকশা’ আছে।”
“আমার মনে হয়, এটা একটি ষড়যন্ত্রের কথা,” বলেন ক্ষমতাসীন মহাজোটের শরিক জাতীয় পার্টির এই নেতা।
সজীব ওয়াজেদ জয় গত ২৩ জুলাই যুবলীগের এক ইফতার অনুষ্ঠানে বলেন, তার কাছে তথ্য আছে যে আওয়ামী লীগ ফের ক্ষমতায় যাবে।
এটা ‘ষড়যন্ত্রের আভাস’ দাবি করে বিএনপি নেতাদের সমালোচনার মধ্যে শেখ হাসিনা ছেলেকে সমর্থন করে গত রোববার বলেন, জয়ের বক্তব্যের ‘ভুল’ ব্যাখ্যা করছে বিএনপি।
জিয়াউর রহমান আমলের মন্ত্রী কাজী জাফর বলেন, “নির্বাচনের সম্ভাবনা ক্ষীণ। প্রধানমন্ত্রী যদি হঠকারিতা করেন, তাতে তার অস্তিত্ব বিলীন হবে না, তবে দলের অস্তিত্ব থাকবে না।”
জাফরউল্লাহ প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেন, “তিনি বিকারগ্রস্ত, রোগাক্রান্ত; কারণ ওনার ঘরের সবাইকে মেরে ফেলা হয়েছে। অন্যায় বা ন্যায়সঙ্গত যে কারণেই হোক। ডাক্তার হিসেবে তাকে ক্ষমার চোখে দেখতে হবে।
“তিনি যখন ভালো থাকেন, তখন খুব ভালো। পুত্রের জন্য রান্না ঘরে এসে রান্না করতে পারেন। এটা তার একটা চরিত্র। তার আরেকটি চরিত্র হচ্ছে জিঘাংসা।”
বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব বদরুদ্দোজা চৌধুরী নির্দলীয় সরকারের দাবি প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বলেন, “১০ বছরেও নির্বাচন হবে না- একথায় প্রধানমন্ত্রী কাদের দিকে ইঙ্গিত করছেন। উনি কি অস্পষ্ট কোনো শক্তিকে দাওয়াত দিচ্ছেন?”
নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনরত বিরোধী দলকে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতা আবার স্মরণ করিয়ে দিয়ে শেখ হাসিনা গত শনিবার বলেন, “এবার যদি অসাংবিধানিক কাউকে ক্ষমতায় বসানো হয়, তখন দুই বছর কেনো ১০ বছরেও দেশে নির্বাচন হবে না।”
সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী বলেন, “সুষ্ঠু নির্বাচন হলে প্রধানমন্ত্রী ক্ষমতায় যেতে পারবেন না বলেই এমন কথা বলেছেন।”
এক সময়ের আওয়ামী লীগ নেতা কাদের সিদ্দিকী বলেন, “মহাজোট সরকারের এখন সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে যুদ্ধাপরাধের বিচার। জাতিকে এর চেয়ে বেশি কিছু দিতে তারা পারেনি।”
বর্তমান রাজনীতি নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, “আমরা রাস্তাঘাটে যানজটের মতো রাজনীতিতে আটকে আছি।”
