২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটে আসবে সব দলই, জিতবে আ. লীগ: আশরাফ

নির্দলীয় সরকার না হলে বিরোধী দলের নির্বাচন বয়কটের হুমকির মধ্যেই ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, এখন যাই বলুক, নির্বাচনে সব দলই অংশ নেবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2013, 09:46 PM

Updated : 23 Aug 2022, 11:15 AM

সেই নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে আবার সরকার গঠন করবে বলেও দৃঢ় আশাবাদ প্রকাশ করেন তিনি।

সোমবার সাংবাদিকদের জন্য আওয়ামী লীগের ইফতার অনুষ্ঠানে সৈয়দ আশরাফ বলেন, “এখন যে যাই বলুক। সব রাজনৈতিক দলই সে নির্বাচনে অংশ নেবে।”

বর্তমান সরকার আমলে সংশোধিত সংবিধান অনুযায়ী, নির্বাচিত অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায়ই দশম সংসদ নির্বাচন হবে।

দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না দাবি করে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে আছে বিএনপিসহ বিরোধী দল।

অনির্বাচিতদের সাময়িক ক্ষমতা দেয়ার দাবি প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের কথা বিরোধী দলকে মনে করিয়ে দিচ্ছেন, যারা দুই বছর রাষ্ট্রক্ষমতায় ছিল।

আশরাফও বলেন, “সেনাবাহিনী, তত্বাবধায়ক বা অনির্বাচিত সরকার রাজনৈতিক সরকারের বিকল্প হতে পারে না।

“একটি গণতান্ত্রিক সরকারের ধারাবাহিকতা আরেকটি গণতান্ত্রিক সরকার। একটি নির্বাচিত সরকারের ভুল-ত্রুটি হতে পারে। সেগুলো শোধরানোর দায়িত্ব রাজনৈতিক সরকারের। সেনাবাহিনী, তত্ত্বাবধায়ক বা অনির্বাচিত সরকারের নয়।”

ওয়ান-ইলেভেনের মতো পরিস্থিতি কখনোই ‘সুখকর’ নয় বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের মন্তব্য নিয়ে বিরোধী দলের সমলোচনার মধ্যে সোমবারের ইফতার অনুষ্ঠানে আশরাফও বলেছেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় অধিষ্ঠিত হবে।

“আমার কাছে কোনো তথ্য নেই। তবে রাজনীতিবিদ হিসেবে আই ক্যান স্মেল (আমি আভাস পাচ্ছি),  শেখ হাসিনার অধীনে নির্বাচন করে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে।”

জয় গত ২৩ জুলাই যুবলীগের এক ইফতার অনুষ্ঠানে বলেন, তার কাছে তথ্য আছে যে আওয়ামী লীগ ফের ক্ষমতায় যাবে।

এটা ‘ষড়যন্ত্রের আভাস’ দাবি করে বিএনপি নেতাদের সমালোচনার মধ্যে প্রধানমন্ত্রী ছেলেকে সমর্থন করে গত রোববার বলেন, “সার্ভে করা হয়েছে। পোল করা হয়েছে। যে সার্ভে রির্পোট এসেছে। তাতে এখনো দেখা যায়- আওয়ামী লীগের ওপর এখনো জনগণের আস্থা ও বিশ্বাস আছে। সিটের দিক থেকে আওয়ামী লীগ ভালো পজিশনে আছে।”

জয়ের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির সহসভাপতি সাদেক হোসেন খোকা রোববার বলেন, “তারা যে আগামী নির্বাচন নিয়ে দুরভিসন্ধিমূলক কাজ করছে, তা আজ পরিষ্কার হয়ে গেছে।”

জয়কে নিয়ে বিএনপির সমালোচনার জবাবে শেখ হাসিনা বলেন, “জয় যখন বললো, আমি পোল করে এ তথ্য পেয়েছি। সেটাকে বিকৃত করে বলা হয়েছে, ষড়যন্ত্র করে ক্ষমতায় ফিরে আসা যায়।”

স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফ বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে ঈদের পর দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে।

ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামও বক্তব্য রাখেন।

পুরনো খবর:

সরকারের সঙ্গে কোনো আপস নয়: ফখরুল
প্রধানমন্ত্রীও বললেন, জরিপের তথ্য আছে
জয়ের বক্তব্যে কুটিল চক্রান্তের ইঙ্গিত: বিএনপি
তথ্য আছে, আ.লীগ আবার আসবে: জয়