বিকল্প তত্ত্বাবধায়কই: দেশে ফিরে ফখরুল
নির্দলীয় সরকার ছাড়া কোনো নির্বাচন বিরোধী দল মানবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার রাতে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দলের অবস্থান তুলে ধরে বলেন, “নিদর্লীয় সরকার ছাড়া কোনো নির্বাচন আমরা মেনে নেবো না। ওইরকম নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।”
শনিবার রাত সোয়া ১১টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরেন মির্জা ফখরুল।
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, “নির্দলীয় সরকারের দাবি জনগণের দাবিতে পরিণত হয়েছে। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে নির্দলীয় সরকারের কোনো বিকল্প পথ নেই।”
ফাইল ছবি
গত ২১ জুলাই রাতে বড় মেয়ে সামারু মির্জার নবজাতক কন্যাকে দেখতে অস্ট্রেলিয়া যান ফখরুল।
নাতনি কেমন আছে জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুইট নাতনি ভালো আছে।”
ফখরুল জানান, তার নাতনির নাম রাখা হয়েছে শেভার।
