মৃত্যুবার্ষিকীতে মান্নান ভূঁইয়াকে স্মরণ করবে শিবপুরবাসী
মৃত্যুবার্ষিকীতে আব্দুল মান্নান ভূঁইয়াকে স্মরণে নানা কর্মসূচি গ্রহণ করেছে নরসিংদীর শিবপুরবাসী।
ক্যান্সারে ভুগে ২০১০ সালের ২৮ জুলাই মারা যান বিএনপির সাবেক এই মহাসচিব। রোববার তার তৃতীয় মৃত্যুবার্ষিকী।
স্থানীয় সাংবাদিকরা জানান, স্থানীয়দের উদ্যোগে প্রয়াত নেতার কবরে ফুল দেয়া হবে। এছাড়া কোরআনখানি, আলোচনা সভা ও ইফতার মাহফিলও আয়োজন করেছে এলাকাবাসী।
আবদুল মান্নান ভূঁইয়া পরিষদের উদ্যোগে শিবপুর হাই স্কুল মাঠে আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠান হবে।
এছাড়া পরিবারের উদ্যোগে শিবপুরে মান্নান ভূঁইয়ার কবরে দিনব্যাপী কোরআনখানি ও দোয়া মাহফিল হবে।
মহাসচিব থাকা অবস্থায় ২০০৭ সালে মান্নান ভূঁইয়াকে বিএনপি থেকে বহিষ্কার করেন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া।
তার আগে খালেদা জিয়ার সরকারে স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি।
এক সময়ের ছাত্র ইউনিয়ন নেতা মান্নান ভূঁইয়া একাত্তরে নরসিংদী এলাকায় মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন।
