২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোভ ভালো না: এরশাদ

নির্বাচনের আগে জাতীয় পার্টি নেতাদের ‘ভাগিয়ে’ নেয়ার চেষ্টা হতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2013, 10:52 PM

Updated : 25 Apr 2022, 07:01 PM

এজন্য দলের নেতাদের ‘লোভ সম্বরণ’ করতে বলেছেন তিনি।

রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে সোমবার জাতীয় পার্টির এক ইফতার অনুষ্ঠানে এরশাদ বলেন, জাতীয় পার্টি এখন আলোচনায় থাকায় বিভিন্ন জায়গা থেকে ‘ডাক’ পড়বে।

“একটি অভিন্ন লক্ষ্যে পৌঁছাব বলে আমরা সবাই জাতীয় পার্টির পতাকাতলে সমবেত হয়েছি। যে যেখানে যেতে চাও, ভুলে যাও। এখানেই থাকতে হবে, সংগ্রাম করতে হবে।

“লোভে পোড় না, লোভ ভাল জিনিস নয়। আমি বারবার বলেছি, আমি তোমাদের নেতা, তোমরা আমার ওপর আস্থা রাখ। যদি যেতে হয়, সবাই মিলে যাব।”

এই প্রসঙ্গে দলের নেতাদের আইনের কথাও স্মরণ করিয়ে দেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

সংশোধিত গণপ্রতিনিধিত্ব্ আদেশ অনুযায়ী, নির্বাচন করতে হলে কাউকে টানা তিন বছর সংশ্লিষ্ট দলে থাকতে হবে।

“কাজেই যারা আমার দলে আছেন, এই সময়ে দলত্যাগ করলে তারা কোথাও নির্বাচন করতে পারবেন না।”

আগামী সংসদ নির্বাচনে এককভাবে করার ঘোষণা দিয়ে আসা মহাজোটের এই নেতা দলের কর্মীদের উৎসাহ দিয়ে বলেন, “মন খারাপ করবে না। জাতীয় পার্টির ডাক পড়বে। কোথা থেকে পড়বে, তা জানি না, তবে আমরা কারো ডাকে সাড়া দেব না। আমাদের পথে আমরা চলব।”

আমলাদের পদোন্নতি ও বদলি নিয়ে সরকার ‘বাড়াবাড়ি’ করছে বলেও সমালোচনা করেন এরশাদ।

“বাড়াবাড়ি করা ভাল নয়। মন্ত্রিপরিষদের একাধিক সদস্য আমাকে বলেছে, প্রশাসনের চেইন অব কমান্ড ভেঙে গেছে।”

ইফতার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমেদ, কাজী ফিরোজ রশিদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার প্রমুখ।