চট্টগ্রামে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন সংগঠনের পদবঞ্চিতরা।
সোমবার বেলা ১২টার দিকে নতুন কমিটির যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খানের নেতৃত্বে পদবঞ্চিতরা বিক্ষোভ মিছিল করেন।
নগরীর কাজীর দেউড়ি এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে নূর আহম্মদ সড়ক, লাভ লেইন, এনায়েত বাজার, ওয়াসার মোড় হয়ে আবার কাজীর দেউড়ি এসে শেষ হয়।
আলী মর্তুজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রদলের বিরোধ ধামাচাপা দেয়ার জন্য নতুন একটি কমিটি ঘোষণা করা হয়েছে, যাতে ত্যাগী নেতাকর্মীদের ঠাই মেলেনি।
অবিলম্বে এই কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানান তিনি।
প্রায় দশ বছর পর রোববার গাজী সিরাজ উল্লাহকে সভাপতি এবং বেলায়েত হোসেন বুলুকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব। ওই কমিটিতে যুগ্ম সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মর্তুজা।
কমিটিতে স্থান পেয়েও বিক্ষোভের কারণ জানতে চাইলে তিনি বলেন, আন্দোলন- সংগ্রামের নেতৃত্বদানকারীদের এ কমিটিতে যথাযথ মূল্যায়ন করা হয়নি।
নতুন কমিটি বাতিলের দাবিতে মঙ্গলবার দুপুরে আবারো মানববন্ধন করবেন বলে জানান মতুর্রজা।
তাদের বিক্ষোভ-মিছিল চলাকালে লাভ লেইন মোড়ে দুই-তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।
এ বিষয়ে আলী মর্তুজা বলেন, “আমি মিছিলের সামনে ছিলাম। কেউ অন্তর্ঘাতমূলকভাবে হাতবোমার বিস্ফেরণ ঘটিয়ে থাকতে পারে।”
