২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি ছাত্রলীগের নেতৃত্বে রানা-তুহিন

মিজানুর রহমান রানাকে সভাপতি ও তৌহিদ আল তুহিনকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2013, 09:10 AM

Updated : 23 Aug 2022, 11:13 AM

কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম শনিবার রাতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয় থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কমিটির সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করেন।

আগামী ২৩ জুলাই বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান রাসেল।

নতুন সভাপতি রানা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের স্নাতকোত্তর বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়।

আর সাধারণ সম্পাদক তুহিন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এমবিএ পর্বের ছাত্র। তার বাড়িও বাগমারায়।

তুহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি দলের হয়ে কাজ করেছি। সংগঠন আমাকে মূল্যায়ন করায় আমি খুবই আনন্দিত। আশা করি আগামীতে ছাত্রলীগের নেতৃত্বে ভূমিকা রাখতে পারব।”

এর আগে ২০১১ সালের ২৫ জুন আহম্মেদ আলী ও আবু হুসাইন বিপুকে নিয়ে ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছিল। তাদের মেয়াদ শেষ হওয়ায় নতুন এই কমিটি করা হলো।