‘এবার নতুন ভবন খুলে লুটপাট করবে’
আগামীতে ক্ষমতায় গেলে ‘নতুন ধারার’ সরকার গঠনের যে প্রতিশ্রুতি বিএনপি নেতা খালেদা জিয়া দিয়েছেন, তার তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার রাজধানীর মুগদায় একটি হাসপাতাল উদ্বোধনের পর স্থানীয় আওয়ামী লীগের এক সমাবেশে তিনি বলেন, “আগে উনি হাওয়া ভবন খুলেছিলেন। এবার ক্ষমতায় এলে নতুন ভবন খুলে দুর্নীতি সন্ত্রাস আর লুটপাট করবে।”
‘দুর্বৃত্তায়নে বিশ্বাসীদের’ মোকাবেলার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি। পাশাপাশি উন্নয়ন বজায় রাখতে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনার আহ্বান জানান।
গত বৃহস্পতিবার এক ইফতার অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, “আগামীতে আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন ধারার একটি সরকার গঠন করব। অন্যায় ও দুর্নীতির সঙ্গে আমরা কোনো আপস করব না।”
এর জবাবে শেখ হাসিনা বলেন, “ওরা মা বোনদের নির্যাতন করবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করবে।”
নবনির্মিত মুগদা জেনারেল হাসপাতাল চত্বর সংলগ্ন খোলা মাঠে সবুজবাগ ও খিলগাঁও থানা আওয়ামী লীগ এই সমাবেশের আয়োজন করে।
যুদ্ধাপরাধীদের বিচারের রায় বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়ে শেখ হাসিনা বলেন, “আমরা বিচারের রায় পেতে শুরু করেছি। যারা সে সময় শহীদ হয়েছেন তাদের আত্মা শান্তি পাচ্ছে। বাংলাদেশ কলঙ্কমুক্ত হচ্ছে। এর চেয়ে বড় পাওয়া আর কি আছে?”
তিনি বলেন, “আমরা ওয়াদা দিয়েছিলাম এ বিচার করব। আমরা ওয়াদা রক্ষা করেছি।”
বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “বিভিন্ন খাতে আমরা উন্নয়ন করেছি। অনেক কাজ চলমান আছে। অনেক কাজ আগামীতে করতে হবে। আগামীতে এসব কাজ করতে হলে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে।”
ওয়াশিংটন টাইমসে খালেদা জিয়ার নামে লেখা নিবন্ধেরও সমালোচনা করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “উনি একটি ইহুদি মালিকের পত্রিকায় আমাদের পোশাক শিল্পের বিরুদ্ধে লিখেছেন। যারা গার্মেন্টসে চাকরি করে তাদের পেটে উনি লাথি মারতে চান।”
চলতি বছরের ৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন টাইমসে ‘জিয়া: দ্য থ্যাঙ্কলেস রোল ইন সেভিং ডেমোক্রেসি ইন বাংলাদেশ’ শিরোনামের ওই নিবন্ধে বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিলের আহ্বান জানানো হয়েছিল। গত মাসে যুক্তরাষ্ট্র ওই সুবিধা বাতিল করলে তুমুল সমালোচনার মুখে পড়ে খালেদা জিয়া জাতীয় সংসদে দাবি করেন, ওই লেখা তার নয়।
অবশ্য ওয়াশিংটন টাইমসের নির্বাহী সম্পাদক ডেভিড এস জ্যাকসন বলেছেন, নিবন্ধটি যে খালেদা জিয়ার তা নিশ্চিত হয়েই তারা ছাপিয়েছেন।
আওয়ামী লীগের শাসনামলের সঙ্গে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপি নেতৃত্বধীন চারদলীয় জোট সরকারের সময়ের তুলনা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, “আমরা গার্মেন্ট কর্মীদের ন্যূনতম বেতন ১৬০০ টাকা থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করেছি। আগামীতে ক্ষমতায় আসলে তা আরো বাড়ানোর ব্যবস্থা করা হবে।
“আমরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।”
২০২১ সালে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসাবে সূবর্ণজয়ন্তি পালনের জন্য ‘কলঙ্কমোচনের’ আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে।
আওয়ামী লীগ দেশবাসীর জীবনযাত্রার উন্নয়নে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা স্বল্প আয়ের মানুষদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাচ্ছি। আমরা আবার ক্ষমতায় না আসলে এই ফ্ল্যাট নির্মাণ হবে না। স্বল্প আয়ের মানুষেরা মাথা গোঁজার ঠাঁই পাবে না।”
ধর্মের নামে যারা মসজিদে ও কোরাআন শরীফে আগুন দেয় তাদের সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গত ৫ মে মূলত বিএনপি ও জামায়াত কর্মীরা বায়তুল মোকাররমের সামনে কোরআন শরিফে আগুন দিয়েছে।
প্রধানমন্ত্রী জনগণকে বিদ্যুৎ ও পানির ব্যবহারে আরো সাশ্রয়ী হওয়ার অনুরোধ করেন।
বক্তব্যের শুরুতেই মুগদা জেনারেল হাসপাতাল উদ্বোধনের কথা উল্লেখ করে স্থানীয়দের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, “এই হাসপাতালের কার্যক্রম চালু হয়ে যাচ্ছে। এখন আপনারা ঘরের কাছে বসেই চিকিৎসা পাবেন। এখানে সব ধরনের চিকিৎসার ব্যবস্থা থাকছে।”
সরকার মানসম্মত চিকিৎসা সেবা জনগণের ‘দোরগোড়ায়’ পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কোন কোন এলাকায় স্বাস্থ্যসেবা জরুরি তার ওপর নির্ভর করেই হাসপাতাল স্থাপন করা হচ্ছে।
জনসভায় বক্তব্য দিতে গিয়ে স্থানীয় সাংসদ সাবের হোসেন চৌধুরী জানান, এর আগের সরকারগুলোর সময়ে তার এলাকায় প্রতিটি ওয়ার্ডের উন্নয়নের জন্য যেখানে দুই কোটি টাকা দেয়া হতো বর্তমান সরকারের সময়ে সেখানে ২০ কোটি টাকা দেয়া হচ্ছে।
বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে ‘নতুন ধারার’ সরকার গঠন করবে খালেদা জিয়ার এই বক্তব্যে উদ্বেগ প্রকাশ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহাবুব-উল আলম হানিফ বলেন, “রোজার দিনে উনি (খালেদা জিয়া) মিথ্যাচার করছেন। এজন্য তাকে বাংলার মানুষের কাছে ক্ষমা চাইতে হবে।”
দলীয় নেতা-কর্মীদের আরো সংগঠিত হওয়ার তাগিদ দিয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, “প্রতিটি বাড়ি গিয়ে ভোট ভিক্ষা চাইতে হবে। ভুল হলে ক্ষমা চাইতে হবে।”
