২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগ একটা ভাল কাজ করেছে: এরশাদ

গণজাগরণ মঞ্চের ‘বিরুদ্ধে’ অবস্থান নেয়ায় ছাত্রলীগের প্রশংসা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2013, 03:54 PM

Updated : 23 Aug 2022, 11:11 AM

তিনি বলেছেন, “ আমি বিভিন্ন সময়ে ছাত্রলীগের ছেলেদের সমালোচনা করেছি। সন্ত্রাস-টেন্ডারবাজি করে তারা বিপথে চলে গিয়েছিল। কিন্তু এই সাড়ে ৪ বছরে খুব ভাল একটি কাজ তারা করেছে, শাহবাগ চত্বর থেকে আন্দোলনকারীদের লাঠিপেটা করে তাড়িয়েছে।”

গণজাগরণ মঞ্চের বিরোধী এরশাদ বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক ইফতার অনুষ্ঠানে বক্তব্যে একথা বলেন।

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গত ফেব্রুয়ারিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চে সক্রিয় ছিল আওয়ামী লীগ সমর্থিত ছাত্রলীগ। তবে গোলাম আযমের কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করে মঞ্চের কর্মসূচির সঙ্গে একমত হয়নি তারা।

মঙ্গলবার শাহবাগে মিছিল করতে গিয়েও বাধা পায় গণজাগরণ মঞ্চ। আর তাদের কর্মসূচিতে এখন ছাত্রলীগ নেতা-কর্মীদের অংশগ্রহণ দেখা যাচ্ছে না।

অন্যদিকে সম্প্রতি বিসিএসের ফল পুর্নমূল্যায়নে শাহবাগে যারা আন্দোলন করেছিলেন, তাদের গণজাগরণ মঞ্চের কর্মী হিসেবে সন্দেহ করেছেন এরশাদ। গত সপ্তাহে শাহবাগে অবস্থানকারী এই আন্দোলনকারীদের ওপর পুলিশের পাশাপাশি ছাত্রলীগকর্মীরাও হামলা চালায়।

এরশাদবিরোধী আন্দোলনের নেতৃস্থানীয় সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানো সামরিক শাসকের ধন্যবাদও পেয়েছেন।

“আমি তোমাদের ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আমার সমালোচনা থেকে তোমরা শিক্ষাগ্রহণ করেছ। যেহেতু তোমরা ভাল কাজ করছ, আমিও আমার সমালোচনা প্রত্যাহার করে নিলাম।”

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায় নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাতে অনীহা প্রকাশ করেন জাপা চেয়ারম্যান।

“আদালতের রায় নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেছেন। কিন্তু আমি এ নিয়ে কোনো মন্তব্য করব না। কারণ আদালতের রায় নিয়ে কোনো কথা হতে পারে না।”

তবে আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করে তিনি বলেন, “আমার নামে কতগুলো মামলা দায়ের করা হয়েছিল! আজ ২২ বছর ধরে আদালতে ঘুরছি, মামলা শেষ হয় না। আমি এই দেশের রাষ্ট্রপতি ছিলাম। আমার যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষের কী অবস্থা, তা সহজেই বোঝা যায়।”

‘আত্মবিশ্বাসী’ এরশাদ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে সরকার গঠনের বিষয়ে আশাবাদী এরশাদ বলেন, তার আত্মবিশ্বাস বেড়েছে।

“আমি আগে দ্বিধাগ্রস্ত ছিলাম, যদি একা নির্বাচন করি, তাহলে জিতব কি না। কিন্তু দিন যত যাচ্ছে, আমার আত্মবিশ্বাস তত বাড়ছে। সম্প্রতি রংপুরে গিয়েছিলাম। সেখানে অনেক কিছু দেখেছি, অনেক বিষয় শিখে এসেছি।”

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, “মানুষ পরিবর্তন চায়। আমরাই পারি, মানুষকে পরিবর্তনের স্বপ্ন দেখাতে। জাতীয় পার্টি নির্বাচন করে ক্ষমতায় এসে দুই দলের দুর্নীতি থেকে দেশকে রক্ষা করবে।”

দলের নেতাকর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, “তোমরা ভাল থেক, আমার ওপর আস্থা রেখ। আমি তোমাদের নেতা। এর আগে তোমাদের আমি বলেছিলাম, আমি যা জানি তোমরা তা জান না, আমি যা দেখি তোমরা তা দেখ না। আমি সব জানি। সব জেনেই সঠিক সময়ে সিদ্ধান্ত নেব।”

জাতীয় পার্টির এই ইফতার অনুষ্ঠানে দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমেদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কাজী ফিরোজ রশীদ, জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারও  ছিলেন।