নষ্ট রাজনীতির বৃত্ত থেকে বেরোতে হবে: কাদের
হরতালের প্রসঙ্গ টেনে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণকে স্বস্তি দেয়ার জন্য নষ্ট রাজনীতির বৃত্ত থেকে বের হয়ে আসতে হবে।
তিনি বলেন, “হরতাল গণতান্ত্রিক অধিকার। তবে এ নিয়ে এদেশে যা চলছে তা জনগণকে জোরপূর্বক শাস্তি দেয়ার শামিল। রাজনীতির এই নষ্ট বৃত্ত থেকে বের হয়ে আসতে হবে।”
মঙ্গলবার যাত্রাবাড়ী মোড়ের পরিবহন ব্যবস্থাপনা, যানজট পরিস্থিতি ও জরুরি সড়ক সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শনের সময় মন্ত্রী একথা বলেন।
রোজায় হরতালে মানুষের ভোগান্তি এবং সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
আসন্ন ঈদে যাত্রীদের ভোগান্তি হ্রাসে সরকার সচেষ্ট রয়েছে জানিয়ে যোগাযোগমন্ত্রী বলেন, “যানবাহনে যাতে বাড়তি ভাড়া আদায় করা না হয় সেজন্য কঠোর অবস্থানে রয়েছি।”
বাড়তি ভাড়া আদায় প্রতিরোধে এরইমধ্যে মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
যাত্রাবাড়ী এলাকার সড়ক মেরামত কাজ ঈদের আগে শেষ হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
তিনি জানান, ইতোমধ্যে শহীদ ফারুক সড়কের মুখে দুটি আবর্জনা কনটেউনার এবং যাত্রাবাড়ী থেকে সায়েদাবাদে ঢোকার মুখে অনেক পানির পাইপ অপসারণ করা হয়েছে।
মন্ত্রী জানান, নির্মাণকারী প্রতিষ্ঠান ওরিয়নের কর্মকর্তারা জানিয়েছে আগামী সেপ্টেম্বরেই মেয়র হানিফ ফ্লাইওভার চালু করা যাবে।
পরিদর্শনকালে যাত্রাবাড়ী ও ডেমরা সড়কমুখে আওয়ামী লীগের স্বাগত তোরণ সরানোর জন্য স্থানীয় নেতাদের নির্দেশ দেন দলটির সভাপতিমণ্ডলির সদস্য ওবায়দুল কাদের।
এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক নজমুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
