গোলাম আযমকে নিয়ে বক্তব্যে অস্বীকৃতি বিএনপির
যুদ্ধাপরাধের মামলায় গোলাম আযমের বিরুদ্ধে রায় ঘোষণার সময় তার বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি বিএনপি।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে রায় পড়া চলাকালে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ ব্রিফিং ডাকে বিএনপি।
সকাল ১১টা ৩২ মিনিটে সংবাদ ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এই সংবাদ ব্রিফিং হয়েছে- প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানাতে। এই বিষয়বস্তুর বাইরে আমরা এখন অন্য কোনো বিষয়ে কথা বলবো না।”
মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর একাত্তরে আমির ছিলেন গোলাম আযম।
File Photo
সংবাদ বিফ্রিংয়ে রুহুল কবির রিজভী বলেন, “গণভবণের এক অনুষ্ঠানে পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী প্রার্থীদের প্রধানমন্ত্রী সন্ত্রাসী, দুর্নীতিবাজ ও আন্ডার গ্রাউন্ড পার্টির নেতা বলে আখ্যা দিয়েছেন। এর মাধ্যমে তিনি (প্রধানমন্ত্রী) জনগণকে প্রতিপক্ষ করেছেন। তারা দুর্নীতিবাজদের জিতিয়েছে।”
“ওই নির্বাচনের পর একদিকে সরকারের মন্ত্রী ও দলের নেতারা বলেছেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয়েছে, জনগণ ভোট দিতে পারে- তা আজ প্রমাণিত হয়েছে। অন্যদিকে খোদ প্রধানমন্ত্রী নির্বাচনে বিজয়ীরা দুর্নীতিবাজ বলছেন। প্রতিহিংসা ও ক্ষমতার অন্ধ চশমা পরে আছেন বলে প্রধানমন্ত্রী এরকম কথা বলছেন।”
রিজভী বলেন, “চারিদিকে দুর্নীতি দেখে তিনি কাণ্ডজ্ঞান হারিয়ে উন্মাদের মতো কথা-বার্তা বলছেন। আমরা মনে করি- বিবেকের জায়গা থাকলে প্রধানমন্ত্রী এরকম কথা-বার্তা বলতে পারতেন না।”
সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও ব্যর্থতার অভিযোগ এনে তিনি বলেন, এই সরকারের আমলে পুঁজিবাজার, হল-মার্ক, ডেসটিনি, বেসিক ব্যাংক, রেন্টাল পাওয়ার প্লান্ট, রেলওয়ে কেলেঙ্কারির ঘটনার কথা বলে শেষ করা যাবে না। পদ্মা সেতুর দুর্নীতির কারণে আন্তর্জাতিকভাবে যাকে মহাদুর্নীতিবাজ ও মহাচোর বলা হয়েছিলো, প্রধানমন্ত্রী তাকে দেশপ্রেমিক বলেছিলেন।
“তাই প্রধানমন্ত্রীকে বলবো, উপরের দিকে থুথু ফেললে কিংবা কাঁচের ঘর থেকে ঢিল ছুড়লে কী হয়, তা আপনি ভালোভাবেই জানেন। আমরা মনে করি, একটা কাপড়ের একটু অংশে ময়লা লাগলে, তা দেখা যায়। কিন্তু পুরো কাপড় ময়লা হয়ে গেলে সেই ময়লা আর ধরা যায় না। তেমনি গোটা মন্ত্রিসভা যেখানে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, সেখানে প্রধানমন্ত্রী তার দুর্নীতি দেখতে পারছেন না। জনগণের রায়কে দোষারোপ করছেন।”
সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে মহানগর সদস্য সচিব আবদুস সালাম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তকদির হোসেন জসিম প্রমুখ উপস্থিত ছিলেন।
