অজুহাতে দাবি এড়ানো যাবে না: ফখরুল
দলীয় সরকারের অধীনে সিটি নির্বাচন নিরপেক্ষ হয়েছে- এমন অজুহাত দেখিয়ে নির্দলীয় সরকারের দাবি এড়ানো যাবে না বলে জানিয়েছে বিএনপি।
শুক্রবার বিকালে এক ইফতার পার্টির আলোচনা সভায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “পাঁচটি সিটি কর্পোরেশনে নির্বাচনের ফলাফল নিজেদের নিয়ন্ত্রণের আনতে সরকার অনেক চেষ্টা করছিল। কিন্তু জনগণের ঐক্যবদ্ধ প্রয়াসে তা সফল হয়নি। এখন সরকার ওই নির্বাচনের কথা বলে সংসদ নির্বাচন নিজেদের অধীনে করার যুক্তি দেখাচ্ছে।”
গণতন্ত্র চাইলে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার কাকরাইলে ঈসা খাঁ হোটেলে এই ইফতার মাহফিলের আয়োজন করে ১৮ দলীয় জোটের শরিক খেলাফত মজলিস।
ফখরুল বলেন, “রাজনৈতিক দলের মধ্যে অবিশ্বাস ও অনাস্থার কারণে এই ব্যবস্থা সংবিধানে সংযোজন করা হয়েছিল। দেশের মানুষের এটি একটি মীমাংসিত বিষয় ছিলো। কিন্তু সরকার পরিকল্পিতভাবে আবার ক্ষমতায় আসার লক্ষ্যে সংবিধান থেকে তা তুলে দেয়।”
“দেশের ৯৫ ভাগ মানুষ নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন দেখতে চায়। ইতিমধ্যে গণমাধ্যমের নিজস্ব জরিপেও তা পরিস্কার হয়ে গেছে।”
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, আগামী নির্বাচনও সেভাবে হবে।
প্রধানমন্ত্রীর এই বক্তব্যের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “প্রধানমন্ত্রীকে বলবো, আপনি কি বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে পেরেছেন। লন্ডনে বসে যে কথা বলেছেন, সে দেশের সরকার বিরোধী দলীয় নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয় না। বিরোধী দলের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে ময়লার গাড়ি পোড়ানোর মামলা দেয় না। কিংবা ইলিয়াস আলী, চৌধুরী আলমের মতো রাজনৈতিক নেতাদের গুম করে ফেলার নজিরও নেই।”
খেলাফতে মসলিসের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসহাকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের মহাসচিব অধ্যাপক আহমেদ আবদুল কাদের।
উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য আবদুল হালিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির শফিউল আলম প্রধান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির রেদোয়ান আহমেদ, শাহাদাত হোসেন সেলিম, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির খন্দকার গোলাম মুর্তজা, আলমগীর মজুমদার, লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইরান, ন্যাপ জেবেল রহমান গানি, গোলাম মোস্তফা ভুঁইয়া, হেফাজতে ইসলামীর মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, ন্যাশনাল পিপল পার্টির ফরিদুজ্জামান ফরহাদ, নেজামে ইসলামীর মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী, কল্যাণ পার্টির এম এম আনিসুর রহমান, প্রয়াত মুফতি ফজলুল হক আমিনীর ছেলে মাওলানা আবুল হাসনাত আমিনী প্রমুখ।
