মুলতবি প্রস্তাব: আলোচনায় ‘চাপ’ দেবে বিএনপি
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে সংসদে জমা দেয়া মুলতবি প্রস্তাব প্রত্যাহার করলেও অন্যান্য প্রস্তাব নিয়ে আলোচনায় ‘চাপ’ সৃষ্টির ইঙ্গিত দিয়েছে বিএনপি।
‘অবস্থা বিবেচনায়’ এসব প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
সংসদের চলমান অষ্টাদশ অধিবেশনে এখন পর্যন্ত ৬৭টি মুলতবি প্রস্তাব জমা দিয়েছে বিরোধী দলের সদস্যরা। পদ্মা সেতু, হল-মার্ক ঋণ কেলেঙ্কারি, বিদ্যুৎ খাত, আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সাম্প্রতিক বিষয় নিয়ে এসব মুলতবি প্রস্তাব জমা দেন মাহবুব উদ্দিন খোকন, নিলোফার চৌধুরী মনি, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, হারুনুর রশিদ, নাজিম উদ্দিন আহমেদ, জেড আই এম মোস্তফা আলী, রেহানা আক্তার রানু।
গত ২২ মে বিএনপির সংসদ সদস্য মাহবুব উদ্দিন খোকন কেয়ারটেকার সরকার পদ্ধতি পুনর্বহালের জন্য মুলতবি প্রস্তাব জমা দেন।
চলতি নবম জাতীয় সংসদে এবারই প্রথম বিরোধী দল কোন অধিবেশনে পুরো সময় জুড়ে সংসদে রয়েছে। সংসদে না থাকলেও বিরোধী দলের দেয়া মুলতবি প্রস্তাব গ্রহণ করা হয় না।
চলতি অধিবেশনের জন্য জমা দেয়া নোটিসগুলোর বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অবশ্যই আমরা আমাদের দেয়া নোটিসগুলো আলোচনার জন্য ইনসিস্ট করবো। এগুলো নিয়ে আলোচনা করা উচিত।”
জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৬২ বিধিতে মুলতবি প্রস্তাবের বিষয়ে বলা রয়েছে- জরুরি ও জনগুরুত্বপুর্ণ বিবেচনায় সংসদের যেকোন সদস্য দিনের অন্য কাজ মুলতবি রেখে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার প্রস্তাব রাখতে পারেন।
তবে মুলতবি প্রস্তাব গ্রহণের এখতিয়ার স্পিকারের। সংসদীয় রীতি অনুযায়ী এক্ষেত্রে সংসদ নেতার সম্মতিও গুরুত্বপূর্ণ।
বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র পুনর্প্রবর্তনের পর প্রায় ১১ হাজার মুলতবি প্রস্তাবের মধ্যে গ্রহণ হয়েছে মাত্র চারটি। এর সবগুলোই পঞ্চম সংসদে। সর্বশেষ ৯৩ সালের ২০ সেপ্টেম্বর রফিকুল ইসলামের (যশোর-২) ‘গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ছাত্র শিবিরের সশস্ত্র হামলায় ১ জন নিহত ও দু’শতাধিক আহত হওয়া’ প্রসঙ্গে একটি মুলতবি প্রস্তাব গ্রহণ করা হয়।
বিরোধীদলের জমা দেয়া মুলতবি প্রস্তাবের বিষয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অবস্থা বিবেচনা করে নোটিসগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।”
