২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাইব্যুনালের কারণে আ. লীগ হারছে: সাকা

যুদ্ধাপরাধের অভিযোগে বিচারাধীন আসামি সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের হারার কারণ যুদ্ধাপরাধের বিচার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2013, 10:49 AM

Updated : 23 Aug 2022, 11:08 AM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সালাউদ্দিনের পক্ষে তার এক বন্ধু সাফাই সাক্ষ্য দেন।

এরপর এদিনের মতো ট্রাইব্যুনালের কার্যক্রম মুলতবি হওয়ার পরে আসামির কাঠগড়ায় বসে নিজের আইনজীবী ও স্বজনদের সঙ্গে কথা বলার সময় সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পরাজয়ের মধ্য দিয়ে সরকার ৬-০ তে হোয়াইটওয়াশ হয়েছে।

তিনি বলেন, “আমার সাফাই সাক্ষী তো গাজীপুরে ৬ জুলাই হয়ে গেছে সিটি কর্পোরেশন নির্বাচনে। এ ডিফিটের মধ্য দিয়ে আওয়ামী লীগ ছয়-শূন্য গোলে পিছিয়েছে।”

তখন তার আইনজীবী এএইচএম আহসানুল হক হেনা বলেন, ছয়টি সিটি কর্পোরেশনে নয়, পাঁচটিতে হেরেছে আওয়ামী লীগ।

জবাবে সাকা বলেন, চট্টগ্রাম থেকে শুরু।

তিনি  বলেন,  “এর আগে চার সিটিতে হেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, গণতন্ত্রের বিজয় হয়েছে। এখন তারা নিউমোনিয়া হয়েছে ভেবে বসে আছে। তারা রোগ ধরতে পারছে না। আসলে রোগটা নিউমোনিয়া নয়।”

ট্রাইব্যুনালকে ইঙ্গিত করে তিনি বলেন, “আওয়ামী লীগ মনে করছে হেফাজতই মূল কারণ। আসলে কারণটা হেফাজতও না, রোগটা এইখানেই (ট্রাইব্যুনালে)।”

সাফাই সাক্ষ্যে সালাউদ্দিনের বন্ধু নিজাম আহমেদ দাবি করেন, একাত্তর সালে মুক্তিযুদ্ধ শুরুর কয়েকদিন পর পাকিস্তান যান তিনি। করাচিতে একটি বাড়িতে সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে দেখা হয় তার।