২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনূসের ‘পাশে থাকবে’ বিকল্পধারা

গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2013, 12:12 PM

Updated : 23 Aug 2022, 11:08 AM

রোববার মিরপুরে গ্রামীণ ব্যাংক ভবনের ইউনূস সেন্টারে ওই বৈঠক হয় বলে বিকল্পধারার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বৈঠক শেষে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা বলেন, “আমরা আশা করি, সরকারের শেষ সময়ে শুভবুদ্ধির উদয় হবে এবং তারা গ্রামীণ ব্যাংক টুকরো টুকরো করার ষড়যন্ত্র পরিত্যাগ করবে।”

গ্রামীণ ব্যাংক নিয়ে ‘যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে’ বিকল্পধারা সব সময় সোচ্চার প্রতিবাদ জানাবে এবংমুহাম্মদ ইউনূসের ‘পাশে থাকবে’ বলেও জানান তিনি।

বিকল্পধারার সভাপতি অভিযোগ করেন, গ্রামীণ ব্যাংকের ৮ হাজার কোটি টাকার সম্পদ ‘লুটপাট করার জন্যই’ ব্যাংকটিকে ১৯ টুকরা করার ষড়যন্ত্র হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “মুহাম্মদ ইউনূস বলেন, ‘গ্রামীণ ব্যাংক তিলে তিলে একটি জাতীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। নোবেল পুরস্কার অর্জন করেছে।’ এমন একটি প্রতিষ্ঠানকে সরকারিকরণের হাত থেকে রক্ষার জন্য তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।”

এতে বলা হয়, গ্রামীণ ব্যাংকের ৯৭ শতাংশ শেয়ারের মালিক নারীদের সম্পত্তি ‘কেড়ে নেয়া’ সরকারের জন্য ‘শুভ হবে না’ বলেও ইউনূস মন্তব্য করেন।

অর্থনীতিবিদ ওসমান হায়দার চৌধুরী, বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান, প্রকৌশলী মো. ইউসুফ, শাহ আহমেদ বাদল, মাহফুজুর রহমান, মো. শাহ আলম এ সময় উপস্থিত ছিলেন।  

অবসরের মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও পদে থাকার কারণ দেখিয়ে ২০১১ সালের ২ মার্চ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে ইউনূসকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ব্যাংক। এর বিরুদ্ধে ইউনূস উচ্চ আদালতে গেলেও তা খারিজ হয়ে যায়।

ব্যাংকের কর্মকাণ্ড পর্যালোচনায়  গত বছর ১৬ মে  একটি কমিশন গঠন করে সরকার।সম্প্রতি কমিশন তাদের প্রাথমিক প্রতিবেদনে ব্যাংকের বর্তমান কাঠামো বদলে বিকেন্দ্রীকরণের সুপারিশ করে বলে গণমাধমের খবর।