২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মিথ্যাচার বন্ধ করুন, নইলে আইনি ব্যবস্থা’

ওয়াশিংটন টাইমসে খালেদা জিয়ার নামে প্রকাশিত নিবন্ধ নিয়ে ‘মিথ্যাচার’ বন্ধ না হলে বিরোধীদলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রী হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2013, 04:33 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

তিনি বলেন, বিএনপির রাজনীতি মিথ্যাচারের উপর প্রতিষ্ঠিত। এই ‘মিথ্যাচার’ বন্ধ না করলে বিরোধীদলের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

বুধবার সচিবালয়ের এক বিফ্রিংয়ে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, “নিবন্ধ লিখে খালেদা জিয়া জঘন্য অপরাধ করেছেন। আর জাতীয় সংসদে দাঁড়িয়ে ওই নিবন্ধ লেখেননি দাবি করে দ্বিতীয় দফা মিথ্যাচার করেছেন। বিএনপির রাজনীতি মিথ্যাচারের উপর প্রতিষ্ঠিত।”

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা স্থগিতের পর খালেদা জিয়ার নামে প্রকাশিত নিবন্ধটি নতুন করে আলোচনায় আসে।

বিরোধীদলীয় নেতা ওই নিবন্ধ লেখার কথা অস্বীকারের পর এনিয়ে রাজনৈতিক বিতর্কের প্রেক্ষাপটে সত্যতা যাচাইয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে যোগাযোগ করা হয় ওয়াশিংটন টাইমসের নির্বাহী সম্পাদক ডেভিড এস জ্যাকসনের সঙ্গে।

জবাবে তিনি জানান, এজেন্টের মাধ্যমে পাঠানো নিবন্ধটি যে খালেদা জিয়ার তা নিশ্চিত হওয়ার পরই তা ছাপিয়েছেন তারা।

জিএসপি স্থগিতের জন্য খালেদা জিয়াকে দায়ী করে হাছান মাহমুদ বলেন, ওই নিবন্ধে তিনি অর্থনৈতিক অবরোধ আরোপের আহ্বানও জানিয়েছিলেন।

বিএনপি দেশ ও জাতির বিরুদ্ধে ‘ষড়যন্ত্রে’ লিপ্ত দাবি করে তিনি বলেন, দেশ থেকে পাচার করা অর্থ দিয়ে লবিষ্ট নিয়োগ করে বিভিন্ন গণমাধ্যমে প্রচারণা চালাচ্ছে। তারা দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি না করে ব্যক্তিস্বার্থের রাজনীতি করে।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি নেতারা আইন ভঙ্গ করছেন দাবি করে এই আওয়ামী লীগ নেতা বলেন, হাজীদের টাকা আত্মসাতকারী ও কর ফাঁকি দেয়া প্রার্থীকে তারা সমর্থন দিয়েছেন। এর মধ্যে

তারা প্রমাণ করেছেন সন্ত্রাস ও দুর্নীতিই তাদের নীতি।

বিগত সাড়ে চার বছরে সাড়ে পাঁচ হাজার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে দাবি করে মন্ত্রী বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনও অবাধ ও সু্ষ্ঠু হবে।