সাতক্ষীরায় অবরোধ, বোমা বিস্ফোরণ
ইসলামী ছাত্র শিবিরের হরতালে সাতক্ষীরায় সড়ক অবরোধ ও হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে পিকেটাররা।
বুধবার সকালে সাতক্ষীরা-খুলনা সড়ক, সাতক্ষীরা-যশোর ও সাতক্ষীরা কালিগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে শিবিরকর্মীরা সড়ক অবরোধ করে।
এ সময় তারা শহরের কাটিয়া এলাকা থেকে একটি মিছিল বের করে। মিছিল থেকে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতংক সৃষ্টি করে।
তবে এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। পরে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
সাতক্ষীরা সদর থানার ওসি আমান উল্লাহ সাংবাদিকদের বলেন, পুলিশ যাওয়ার আগেই শিবিরকর্মীরা পালিয়ে গেছে। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ সড়ক থেকে সেগুলি সরানোর ব্যবস্থা করে।
এদিকে হরতালে জেলা শহরের বাস টার্মিনাল থেকে কোনো দূরপাল্লার যান ছেড়ে যায়নি।
সাতক্ষীরা ভোমরাস্থল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকলেও পণ্য পরিবহন হয়নি।
নাশকতা এড়াতে শহরের মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি।
