চাঁপাইনবাবগঞ্জে ট্রাকে আগুন
ইসলামী ছাত্র শিবিরের হরতাল চলাকালে বুধবার চাঁপাইনাবাবগঞ্জে একটি ট্রাকে আগুন দেয়া হয়েছে।
এ সময় ঘটনাস্থল থেকে এক শিবিরকর্মীকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি এসএম বজলুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের লালাপাড়া এলাকায় সকালে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে আগুন দেয় শিবিরকর্মীরা।
ট্রাকে অগ্নিসংযোগের অভিযোগে ঘটনাস্থল থেকে আব্দুল খালেক নামে এক শিবিরকর্মীকে পুলিশ আটক করেছে।
আটক নেতাদের মুক্তি এবং ‘নিখোঁজদের’ সন্ধান দাবিতে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল করছে জামায়াতের সহযোগী এই সংগঠনটি।
