নারায়ণগঞ্জে শিবিরের মিছিল, বোমা বিস্ফোরণ
হরতালে নারায়ণগঞ্জে মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির।
এছাড়া নগরীর কয়েকটি স্থানে সংগঠনটির সমর্থকরা গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও হাত বোমার বিস্ফোরণ ঘটায় বলে পুলিশ জানিয়েছে।
কেন্দ্রীয় সভাপতিসহ আটক নেতাদের মুক্তি এবং ‘নিখোঁজ’ নেতাদের সন্ধান দাবিতে বুধবার সারাদেশে এ হরতাল ডেকেছে শিবির।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন জানান, বুধবার ভোর সাড়ে ৫টায় সদর উপজেলার কাশীপুর হাটখোলা এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে শিবিরকর্মীরা। এ সময় তারা সড়কে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
এরপর তারা ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কে শাহ সিমেন্ট কোম্পানির চারটি গাড়ি ভাংচুর করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় বলে জানান তিনি।
সকাল ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে শিবির।
এ সময় তারা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে এবং একটি বাসে আগুন দেয়ার চেষ্টা করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে শিবিরকর্মীরা কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুল মতিন।
হরতালে সকাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে অভ্যন্তরীণ রুটে যান চলাচল করছে। স্বাভাবিক রয়েছে ট্রেন ও লঞ্চ চলাচল।
যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে বিপুল সংখ্যাক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
