হরতালে চাঁদপুরে ভাংচুর
গাড়ি ভাংচুর ও অবরোধের চেষ্টার মধ্য দিয়ে চাঁদপুরে ইসলামী ছাত্রশিবিরের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
কেন্দ্রীয় সভাপতিসহ আটক নেতাদের মুক্তি এবং ‘নিখোঁজ’ নেতাদের সন্ধান দাবিতে বুধবার সারাদেশে হরতাল ডেকেছে শিবির।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোরে চাঁদপুর-কুমিল্লা সড়কের দোয়াভাঙ্গা এলাকায় একটি পিকআপভ্যান ও একটি অটোরিকশা ভাংচুর করে হরতাল সমর্থকরা। এ সময় তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে। পরে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এর আগে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে শিবিরের পাঁচ কর্মীকে আটক করা হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার মো. আমির জাফর।
তিনি বলেন, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।
হরতালে সকাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।
শহরে হাল্কা যান চলাচল করছে। দোকানপাট বন্ধ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা খুলতে শুরু করেছে।
