২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সেনা মোতায়েনের দাবি খালেদার

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপির ষড়যন্ত্র হচ্ছে দাবি করে সেখানে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2013, 06:43 PM

Updated : 25 Apr 2022, 06:54 PM

বুধবার সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী ও কাউন্সিলরদের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এই দাবি জানান।

বিএনপি চেয়ারপারসন বলেন, “চারটি সিটি কর্পোরেশনে সরকার তার সমর্থিত প্রার্থীদের বিজয়ী করতে অনেক কূটকৌশল করেছিলো। কিন্তু গণজোয়ার তারা থামাতে পারেনি।

“আমরা জানতে পেরেছি, গাজীপুরেও সরকারি দলের সন্ত্রাসী বাহিনী ভোট কারচুপির কূটকৌশল করছে। তাই নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে আমরা সেখানে সেনাবাহিনী মোতায়েনের দাবি করছি।”

আগামী ৬ জুলাই অনুষ্ঠেয় গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের দাবি বিএনপি জানিয়ে এলেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাড়া নেই।

সেনা মোতায়েন ছাড়াই চারটি সিটি কর্পোরেশনে সুষ্ঠু নির্বাচন হওয়ায় গাজীপুরেও সেনা মোতায়েনে অনিচ্ছুক বর্তমান ইসি স্থানীয় নির্বাচনে সেনাবাহিনীকে যুক্ত করার বিরোধী।

ইসির সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, “আমরা প্রথম থেকে বলে আসছি, এই নির্বাচন কমিশন সরকারের পক্ষে কাজ করছে, তারা নিরপেক্ষ নয়।”

নির্বাচন কমিশন দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে দাবি করে তিনি বলেন,  গাজীপুর নির্বাচনে নিরপেক্ষতার প্রমাণ দেয়ার সুযোগ রয়েছে তাদের।

গত ১৫ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী ১৮ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী নবনির্বাচিত বিএনপি সমর্থিত কাউন্সিলরদের নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান। তারা খালেদা জিয়ার হাতে ফুল তুলে দেন।

রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেটে বিএনপি সমর্থিতদের বিজয়ে সন্তোষ প্রকাশ করলেও এতে উল্লসিত না হয়ে নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনের প্রস্তুতি নিতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপাসন।

স্থানীয় সরকার নির্বাচনে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরাও ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থীদের ভোট দিয়েছে দাবি করে তিনি বলেন, “আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষ দল নয়। তারা হিন্দুদের জমি দখল করেছে, বৌদ্ধদের মন্দির ভেঙেছে, সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালিয়েছে। আওয়ামী লীগ হচ্ছে এমন একটা চিজ।”

চার সিটি কর্পোরেশনে নবনির্বাচিতদের শপথ অনুষ্ঠানের উদ্যোগ দ্রুত নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে খালেদা বলেন, “আর সময়ক্ষেপণ কিংবা ধানাইপানাই না করে অবিলম্বে নবনির্বাচিতদের শপথ দিন। তাদের কাজ করার সুযোগ দিন।’’

নির্দলীয় সরকারের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “সময় বেশি নেই। জাতীয় সংসদে অবিলম্বে নির্দলীয় সরকারের বিল পাস করুন। এরপর আপনারা মেয়াদ পর্যন্ত ক্ষমতায় থাকুন, আমরা কিছুই বলব না।”

তা না হলে ঈদুল ফিতরের পর কঠোর কর্মসূচির হুমকি দিয়ে বিরোধী নেতা বলেন, “এই কর্মসূচি হবে সরকার পতনের কর্মসূচি।”

সিটি নির্বাচন সুষ্ঠু হওয়ায় জাতীয় নির্বাচনও দলীয় সরকারের অধীনে সুষ্ঠু হবে বলে সরকারি দলের নেতাদের বক্তব্যের জবাবে তিনি বলেন, “এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয়নি। সুষ্ঠু নির্বাচন হলে সরকার সমর্থিত প্রার্থীর জামানতই বাজেয়াপ্ত হত।

“তাই টাল-বাহানা বাদ দিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের চিন্তা-ভাবনা শুরু করুন। লেভেল প্লেয়িং ফিল্ড হোক। সমানে সমানে খেলা হলে দেখা যাবে জনগণ কাদের ভোট দেয়।”

দলের সাংগঠনিক সম্পাদক নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধান দিতেও সরকারের প্রতি দাবি জানান বিএনপি চেয়ারপারসন।

তিনি আবারো বলেন, গত ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের তুলতে চালানো অভিযানে ‘গণহত্যা’ হয়েছে।

এই সাক্ষাৎ অনুষ্ঠানে বিএনপি নেতাদের মধ্যে ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শমসের মবিন চৌধুরী, সিলেট মহানগর সভাপতি এম এ হক, বরকত উল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু প্রমুখ।

সিলেটের নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, ইলিয়াস আলীর ভাই আছকার আলীও অনুষ্ঠানে ছিলেন।

আরিফুল হক ছাড়াও কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, মজিবুর রহমান নীরু, দীপা রানী বাবলী, সিলেট মহানগর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মো. সায়েফ আহমেদ অনুষ্ঠানে ছিলেন।