এরশাদের বাড়িতে পঙ্কজ
মহাজোট শরিক জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে দেখা করেছেন ভারতের হাইকমিশনার পঙ্কজ সরণ।
সম্প্রতি সিঙ্গাপুর থেকে ফেরা এরশাদের বারিধারার বাড়িতে বুধবার বিকালে যান ভারতের হাইকমিশনার। তারা রুদ্ধদ্বার বৈঠক করেন বলে জাতীয় পার্টির নেতারা জানিয়েছেন।
এই বিষয়ে ভারতের হাইকমিশনে যোগাযোগ করা হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানানো হয়, এটি রাজনীতিকদের সঙ্গে নিয়মিত বৈঠকের একটি অংশ।
অন্যদিকে জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেসসচিব সুনীল শুভরায় বলেন, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট এবং জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দিন আহমেদ বাবলুও ছিলেন।
গত বছর ভারত সরকারের আমন্ত্রণে নয়াদিল্লি সফরে গিয়েছিলেন এরশাদ। ওই সফরে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়সহ ভারতের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে জাতীয় পার্টি থাকলেও দুই দলের মধ্যে টানাপড়েন চলছে। মহাজোটে গিয়ে ‘কিছুই পাইনি’ দাবি করে আগামী নির্বাচন এককভাবে করার ঘোষণা রয়েছে এরশাদের।
এই বৈঠকের দিন জাতীয় পার্টির সংসদ সদস্য টি আই এম ফজলে রাব্বি সংসদে বলেন, “মহাজোটে ফাটল দেখা দিয়েছে। এ জোটের শরিক জাতীয় পার্টিকে অবমূল্যায়ন করা হচ্ছে।”
এরশাদের সাম্প্রতিক সিঙ্গাপুর অবস্থানের সময় ওই দেশটিতে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বিরোধীদলীয় নেতার ওই সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ষড়যন্ত্র করতেই ওই সফরে যান খালেদা জিয়া।
তবে বিএনপি নেতারা প্রধানমন্ত্রীর বক্তব্য নাকচ করে বলেন, চিকিৎসাই ছিল ওই সফরের উদ্দেশ্য।
