‘খালেদা জেলে গিয়েছিলেন কেন?’
কোনো ‘দুর্নীতি’ না করায় আগামীতে খালেদা জিয়ার কারাগারে যাওয়ার শঙ্কা নেই বলে বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে তাদের সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমল স্মরণ করিয়ে দিয়েছেন মাহাবুব-উল আলম হানিফ।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্য ধরে আওয়ামী লীগ নেতা বলেছেন, “তিনি (ফখরুল) বলেছেন, চুরি না করলে জেলে যাবে না। তাহলে কি ফখরুল সাহেব স্বীকার করলেন, ওয়ান-ইলেভেনের সময় বিএনপি নেত্রী চুরির দায়ে জেলে গিয়েছিলেন।”
নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে বিএনপির দাবি প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে আসছেন, তত্ত্বাবধায়ক সরকার এলে আগের মতোই তাকে ও বিরোধীদলীয় নেতাকে কারাগারে যেতে হবে।
এর প্রতিক্রিয়ায় বিএনপি নেতারা বলছেন, খালেদা জিয়া নয়, মহাজোট সরকারের ‘দুর্নীতির’ কারণে কারাগারে যেতে হবে শেখ হাসিনাকেই।
বিএনপির নেতাদের ওই কথার জবাব মঙ্গলবার হবিগঞ্জে জেলা আওয়ামী লীগের সম্মেলনে বক্তব্যে দেন দলের যুগ্মসাধারণ সম্পাদক হানিফ।
বিএনপির শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, “চারদলীয় জোট সরকার দেশকে জঙ্গিবাদ ও সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছিল। তারা আবারও দেশকে জঙ্গিবাদ ও সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে।”
বর্তমান সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে জানিয়ে বিদ্যুৎ উৎপাদন সাড়ে ৪ হাজার মেগাওয়াট বাড়ানো, ২১ কোটি বই বিনামূল্যে বিতরণ, কমিউনিটি ক্লিনিক চালু, ৪০ লাখ বেকারকে কর্মসংস্থানের বিষয়গুলোকে নজির হিসেবে তুলে ধরেন হানিফ।
তিনি বলেন, “তখন (বিএনপির শাসনামল) বিদেশ থেকে রিলিফ এনে তৎকালীন অর্থমন্ত্রী দেশের লোকদের ক্ষুধার চাহিদা মেটাতেন। যে কারণে বিদেশিরা তখন বাংলাদেশকে ভিক্ষুকের জাতি হিসেবে আখ্যায়িত করে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে উৎপাদন বাড়িয়ে খাদ্য ঘাটতি পূরণ করেছে।”
যুদ্ধাপরাধীদের পুনর্বাসনের জন্য জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমালোচনাও করেন আওয়ামী লীগ নেতা।
হবিগঞ্জে সম্মেলনে হানিফ প্রধান অতিথি ছিলেন, বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ ও খালিদ মাহমুদ চৌধুরী।
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মুশফিক হুসেন চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠাকে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক আবু জাহির, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল ফজল, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সিরাজুল হক চৌধুরী, কাউন্সিল পরিচালনা কমিটির আহ্বায়ক শহীদউদ্দিন চৌধুরী প্রমুখ।
উদ্বোধন অনুষ্ঠানের পর শহরের কিবরিয়া মিলনায়তনে রুদ্ধদ্বার কাউন্সিল অধিবেশন শুরু হয়।
