জুজুর ভয় দেখিয়ে লাভ নেই: বিএনপি
তত্ত্বাবধায়ক সরকার এলে প্রধান দুই দলের নেতৃত্বকে আবার কারাগারে যেতে হতে পারে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আশঙ্কার কথা বলেছেন, তা নাকচ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সোমবার একটি আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল বলেন, “আইনানুগ তত্ত্বাবধায়ক সরকার কখনোই দেশে সঙ্কট সৃষ্টি করেনি। প্রধানমন্ত্রী যে তত্ত্বাবধায়ক সরকারের জুজুর ভয় দেখাচ্ছেন, তা তাদেরই আন্দোলনের ফসল।”
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নেয়ার জন্য শিক্ষক সমাজের প্রতি আহবান জানান তিনি।
সম্প্রতি দলীয় বিভিন্ন মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে বিরোধী দলীয় নেতাকে সরে আসার আহবান জানান।
তিনি বলেন, আবার তত্ত্বাবধায়ক এলে যে বিরোধী দলীয় নেতাকে বিগত দিনের মতো কারাগারে যেতে হবে না- এই নিশ্চয়তা কোথায়?
জাতীয় প্রেসক্লাবে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউটাব) উদ্যোগে ‘তারেক রহমান: বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য দিচ্ছিলেন নজরুল ইসলাম খান।
তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, “আওয়ামী লীগ সরকারের প্রতি দেশের মানুষের আর আস্থা নেই। এখন জনগণ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ চায়। সেজন্যই তারা নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন চায়।”
আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের মানুষের কল্যাণ হয়- প্রধানমন্ত্রীর এমন মন্তব্য নাকচ করে বিএনপি নেতা নজরুল বলেন, “হ্যাঁ, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশ তলাবিহীন ঝুড়ির অপবাদ পায়, দুর্ভিক্ষ হয়, একদলীয় শাসন আসে, পদ্মাসেতুর দুর্নীতি, পুঁজিবাজার, হলমার্ক, ডেসটিনি থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়, হত্যা-গুম ও বিরোধী প্রতিপক্ষের বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা মামলা দায়ের করা হয়। সীমান্তে প্রতিনিয়ত মানুষ হত্যা করা হয়। এসবই জনগনের কল্যাণে করেছেন তিনি।”
চার সিটি করপোরেশন নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আমরা অংশ নিইনি। সেখানেও আওয়ামী লীগ জিততে পারেনি।
“এবার রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশনে আমরা অংশ নিয়েছি। জনগণ আমাদের জয়ী করেছে। কালিগঞ্জের মতো ছোট পৌরসভায়ও আওয়ামী লীগের প্রার্থী পরাজিত হয়েছে। সব জায়গায় জনগণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে- বিএনপি নির্বাচন করুক আর না করুক, আওয়ামী লীগের প্রার্থীকে জিততে দেবে না।”
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, “সাত বছরে তার বিরুদ্ধে একটি মামলাও সরকার প্রমাণ করতে পারেনি। তার বিদেশে সম্পদ আছে, এটা প্রমাণ করতে পারেনি। এ থেকে বোঝা যায়, পরিকল্পিতভাবে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে।”
ইউটাব সভাপতি অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দীন আহমেদ, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম, অধ্যাপক শাহাদাৎ হোসেন মণ্ডল, অধ্যাপক সুকোমল বড়ুয়া, অধ্যাপক তাজমেরী এস ইসলাম, অধ্যাপক মুনীর আহমেদ চৌধুরী. ড. গোলাম হাফিজ কেনেডী ও ইউটাব মহাসচিব অধ্যাপিকা তাহমিনা আখতার প্রমুখ বক্তব্য দেন।
