প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভোট চাইলো আ.লীগ
দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার গণশোভাযাত্রা ও সমাবেশ করেছে আওয়ামী লীগ।
ছোট ছোট ট্রাক, পিকআপ ভ্যানে চড়ে এবং পায়ে হেঁটে উৎসবের মেজাজে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে শোভাযাত্রাটি দৃশ্যত পরিণত হয় নির্বাচনী মিছিলে। তাদের হাতে হাতে ছিল দলীয় এবং জাতীয় পতাকা, বর্ণিল ব্যানার, ফেস্টুন, শান্তির প্রতীক পায়রা আর দলীয় প্রতীক নৌকা।
১৯৪৯ সালের ২৩ জুন পুরনো ঢাকার রোজ গার্ডেনে সর্বদলীয় কর্মী সম্মেলনের মাধ্যমে দলটির আত্মপ্রকাশ ঘটে।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে অনেক সম্ভাব্য প্রার্থী ছবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে হাজারো কর্মীর উপস্থিতিতে দিয়েছেন মহড়া। জ্যেষ্ঠ নেতারাও তাদের বক্তৃতায় ভোট চেয়েছেন।
বিকাল ৫টায় সোহরাওয়ার্দী উদ্যান শোভাযাত্রাটি শুরু হয়ে শেষ হয় স্মৃতিবিজজিড়ত ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনের সামনে।
এর আগে সোহরাওয়ার্দী উদ্যানের পাশে রাস্তায় দুটি ট্রাকের উপর বানানো অস্থায়ী মঞ্চ থেকে শোভাযাত্রার বিকাল সাড়ে ৩টা থেকে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মতিয়া চৌধুরী, তোফায়েল আহমেদ আইনপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, খালিদ মাহমুদ চৌধুরী, ড. মোস্তফা জালাল মহিউদ্দিন, হাবিবুর রহমান সিরাজ, অসীম কুমার উকিল, আসাদুজ্জামান খান কামাল, একেএম রহমত উল্লাহ, আসলামুল হক আসলাম, সানজিদা খানম প্রমুখ।
তোফায়েল আহমেদ বলেন, “১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর আম্রকাননে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল। বাংলার মানুষকে স্বাধীনতা দিতে ঠিক এই দিনেই আওয়ামী লীগের জন্ম।”
স্বাধিকারসহ বাংলাদেশের সমস্ত প্রগতিশীল আন্দোলনের সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “যে লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধু আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন সেই রক্তের উত্তরাধিকার শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষকে আবারও ঐক্যবদ্ধ করে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসবো।”
“আজকের দিনে এটাই হোক আমাদের অঙ্গিকার।”
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, “আওয়ামী লীগের ইতিহাস বাঙালির ইতিহাস, ভাষা আন্দোলনের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, কূটনৈতিক লড়াইয়ে জয়ী হয়ে মিয়ানমারের কাছ থেকে আরেকটি বাংলাদেশ অর্জনের ইতিহাস। এই ইতিহাস কেউ কোন দিন অর্জন করতে পারবে না।”
তাই আবারও ভোট দিয় আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, “সমুদ্রসীমা নির্ধারণ করা নিয়ে ভারতের সাথে মামলা চলছে। ২০১৪ সালে এর নিষ্পত্তি হবে। আমাদের আরেকবার ভোট দিন। মিয়ানমারের মতো আমরা আবারও এই লড়াইয়ে জয়ী হবো।”
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম যুদ্ধাপরাধের অবশিষ্ট বিচার সম্পন্ন করার জন্য পুণরায় আওয়ামী লীগকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে বলেন, “আসুন আজকে থেকেই আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করি। সকল মিথ্যাচার, সকল অন্যায়কে প্রতিহত করে আজকে থেকেই আমাদের নির্বাচনী প্রচারাভিযান শুরু হলো।”
সমাবেশে সবার শেষে বক্তব্য রাখেন দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।
তিনি বলেন, “বাংলাদেশে যা কিছু হয়েছে, আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। আওয়ামী লীগের ইতিহাস মুক্তির ইতিহাস। স্বাধীনতা পক্ষের সকল শক্তিকে আহ্বান জানাবো আসুন, আমরা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে যারা বাংলার মানুষের ভাত ও ভোটের অধিকার নিয়ে ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই।”
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ এই সভায় সভাপতিত্ব করেন।
