গাজীপুরেও সেনা মোতায়েনের দাবি বিএনপির
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি নির্বাচন কমিশনে জানিয়েছে বিএনপি।
এই নির্বাচনের দুই সপ্তাহ আগে রোববার এই দাবি নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে দেখা করেছে বিএনপির একটি প্রতিনিধি দল।
গাজীপুরে এক মেয়র প্রার্থীকে ‘অপহরণ’ এবং কাউন্সিলর প্রার্থীকে মারধরের অভিযোগ ইসিতে জানান বিএনপি নেতারা।
সেই অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ।
আগামী ৬ জুলাই নবগঠিত গাজীপুর সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ হবে।
এই মাসের শুরুতে অনুষ্ঠিত রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনেও সেনা মোতায়েনের দাবি জানিয়েছিলো বিএনপি।
তবে ইসি সেনা মোতায়েন করেনি। প্রায় গোলযোগহীন এই নির্বাচনে চার মেয়র পদেই বিএনপি সমর্থিতরা জয়ী হয়েছে।
রোববার সিইসির সঙ্গে বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার সাংবাদিকদের বলেন, “ক্ষমতাসীনদের শক্তি প্রদর্শনে অন্যান্য প্রার্থীরা শঙ্কিত। বিএনপি সমর্থিত দুই কাউন্সিলরকে মারধর করা হয়েছে, কিন্তু মামলা নেয়া হয়নি।”
এই কারণেই সেনা মোতায়েনের দাবি জানানো হয়েছে বলে জানান তিনি।
চার সিটিতে সেনা মোতায়েন না করেই গোলযোগহীন নির্বাচনের কথা তুলে ধরা হলে আনোয়ার বলেন, “সেনা দিলে কার ক্ষতি হচ্ছে? আপনার বাড়ির সামনে একজন চৌকিদার দিলে পাশের বাড়ির ক্ষতি কী হচ্ছে?
“আমাদের সেনাবাহিনীকে অনেক কাজে লাগানো হচ্ছে, সতর্কতা হিসেবে নির্বাচনেও ব্যবহার করা হোক।”
সেনা মোতায়েনের বিষয়ে সিইসি সাংবাদিকদের বলেন, বিএনপি তাদের দাবি জানিয়ে গেছে। পরিস্থিতি বুঝে ইসি সিদ্ধান্ত নেবে।
স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েন করতে আনাগ্রহী ইসি। বিএনপির দাবি সত্ত্বেও চার সিটিতে পুলিশ-র্যাবের সঙ্গে শুধু বিজিবি মোতায়েন করা হয়।
গাজীপুরে মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমকে ‘অপহরণ’ এবং বিএনপি সমর্থিত ৪৯-৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন এম কে আনোয়ার।
এই বিষয়ে সিইসি বলেন, “সংবাদ মাধ্যমে আমরা সে বিষয়টি দেখেছি, আমাদের নোটিসে এসেছে। স্থানীয় প্রশাসন, রিটার্নিং কর্মকর্তা বিষয়টি দেখছেন। স্থানীয় প্রশাসন এ্যাকশন নেবে। আমরাও দেখছি বিষয়টি।”
গাজীপুরে সরকারি দলের সমর্থন না পেয়েও মেয়র প্রার্থী হওয়া জাহাঙ্গীর আলম গত কয়েকদিন ধরে অপ্রকাশ্য ছিলেন।
আওয়ামী লীগের পক্ষ থেকে গত মঙ্গলবার জানানো হয়, তিনি দল সমর্থিত প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
রোববার জাহাঙ্গীর নির্বাচনী এলাকায় গিয়ে সংবাদ সম্মেলনে দল সমর্থিত মেয়র প্রার্থীকে সমর্থনের কথা জানিয়েছেন।
