অতি আত্মবিশ্বাসের ফাঁদে পড়েছি: কাদের
জয়ের ব্যাপারে অতি আত্মবিশ্বাসই চার সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতাসীন দল সমর্থিতদের জন্য কাল হয়েছে বলে মনে করেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি আশা করছেন, জাতীয় নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ এবার ভুল থেকে শিক্ষা নেবে।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্যসেন হলের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে এই হলের সাবেক ছাত্রনেতা কাদের বলেন, যারা সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফলে ‘আশাহত’, তাদের দলে তিনি নন।
“পরাজয়ে সঙ্কট সৃষ্টি হয়েছে, সেই সঙ্কটই আমাদের জন্য সুযোগ সৃষ্টি করেছে। আমাদের ভুল থেকে শিক্ষা নিয়ে মুক্তি লাভ করতে হবে।”
জাতীয় নির্বাচনের মাত্র ছয় মাস বাকি থাকতে গত ১৫ জুন রাজশাহী, বরিশাল, খুলনা ও সিলেট সিটি কর্পোরেশনে নির্বাচন হয়, যাতে প্রতিটি শহরেই মেয়রের দায়িত্বে থাকা ক্ষমতাসীন জোট সমর্থিত প্রার্থীরা পরাজিত হন।
ফাইল ছবি
তিনি বলেন, “আমার কাছে মনে হয়েছে, জেতার আগেই জিততে গিয়ে হেরে গেছি। আমরা অতি আত্মবিশ্বাসের ফাঁদে পড়েছি। ব্যর্থতার কোনো অপশন ফাঁকা রাখা হয়নি- এটাই আমাদের ভুল।”
কাদেরের ভাষায়, এই ভুল এখন ‘দিবালোকের মতো পরিষ্কার’ এবং এখান থেকেই আওয়ামী লীগকে শিক্ষা নিতে হবে।
তবে যারা সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফলকে আগামী জাতীয় নির্বাচনের ‘সুনিশ্চিত সংকেত’ বলে মনে করছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের কথা মনে করিয়ে দিয়ে এই আওয়ামী লীগ নেতা বলেন, সেখানে বারাক ওবামা ভোটের চার মাস আগেও জরিপে পিছিয়ে ছিলেন।
বিদায়ী মেয়রদের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের পরও চার সিটিতেই সরকার সমর্থিত প্রার্থীদের পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে যোগোযোগ মন্ত্রী বলেন, “মানুষ শুধু উন্নয়নের জন্যই ভোট দেয় না। এর সঙ্গে আচরণও আছে। ১০টি ভালো উন্নয়ন একটি খারাপ কাজের নিচে ঢাকা পড়ে যায়।”
সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করে।
সংগঠনের আহ্বায়ক সিরাজুম ইসলাম মুনীরের সভাপতিত্বে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপসহ হলের সাবেক শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
