ফেনীতে বিএনপির ১২ নেতাকর্মী জেলে
হরতাল চলাকালে ফেনীর দাগনভূঞায় ট্রাকচালক নিহতের ঘটনায় বিএনপির ১২ নেতাকর্মীকে জেলহাজতে পাঠিয়েছে আদালত।
সোমবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক শারমিন আক্তার তাদের জেলে পাঠানোর নির্দেশ দেন।
গত ১৭ মার্চ বিএনপি-জামায়াতের ডাকা হরতাল শুরুর আগে নোয়াখালী থেকে ফেনীমুখী একটি ট্রাকের উপর পিকেটাররা হামলা চালালে ইটের আঘাতে চালক নুর মোহাম্মদ ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় দাগনভূঞা থানার উপ-পরিদর্শক (এসআই) বদরুল আলম বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখসহ ৫০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন ।
আসামিপক্ষের আইনজীবী শাহজাহান সাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালত দাগনভূঞা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম (৪৫), দাগনভূঞা পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জামসেদুর রহমান ফটিকসহ (৩০) ১২ বিএনপি নেতাকর্মী উচ্চ আদালতের নির্দেশে আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করেন।
বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বলে জানান আইনজীবী।
