পিরোজপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
পিরোজপুর সদরে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সন্দেহভাজন দুই জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসআই আসাদ জানান, ওজনকাঠি গ্রামের বাসিন্দা মতিউর রাত ৯টার দিকে বাড়ি ফিরছিলেন। পথে হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
কুপিয়ে তার শরীর থেকে বাঁ হাত ও পা বিচ্ছিন্ন করে ফেলা হয়। রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান মতিউর।
নিহতের স্ত্রী ফরিদা বেগমের অভিযোগের ভিত্তিতে রাতেই নুরুল ইসলাম সিকদার (৪০) ও ইউছুফ সরদার (৩৮) নামের দুই জনকে আটক করে পুলিশ।
সোমবার সকালে ফরিদা বেগম বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলেও এসআই আসাদ জানান।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, প্রতিবেশি শাহ আলমের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল মতিউরের। এর জের ধরেই তাকে হত্যা করা হয়েছে বলে নিহতের স্বজনদের ধারণা।
