২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসিকে না পেয়ে ক্ষোভ বিএনপির

চার সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়মের অভিযোগ নিয়ে ইসি সচিবালয়ে গিয়ে সিইসিকে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 07:40 AM

Updated : 23 Aug 2022, 10:59 AM

ভোটের দিন শনিবার নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের অনুপস্থিতির বিষয়ে নির্বাচন কমিশনাররা বলেছেন, তিনি অসুস্থ।

সকাল ৮টায় রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেটে ভোটগ্রহণ শুরু হলেও সকাল ১০টা পর্যন্ত নির্বাচন কমিশনার কিংবা ইসি সচিবকে কমিশনে দেখা যায়নি। 

সাড়ে ১০টার দিকে আসেন ইসি সচিব মোহাম্মদ সাদিক।

চার নির্বাচন কমিশনার আবদুল মোবারক, জাবেদ আলী, মো. শাহনেওয়াজ আসেন ১১টার পরে। ১২টার পর আসেন আবু হাফিজ।

বেলা দেড়টার দিকে সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ কমিশনে ঢোকেন। তিনি যখন তার কার্যালয়ে ঢোকেন তখন বিএনপির প্রতিনিধি দল ইসি সচিবের কক্ষে অবস্থান করছিলো।

Image
কাজী রকিবউদ্দীন আহমদ।

কাজী রকিবউদ্দীন আহমদ।

সংসদ সদস্য বরকতউল্লাহ বুলুর নেতৃত্বে বিএনপির সাত সদস্যের প্রতিনিধি দল বেলা সাড়ে ১২টার দিকে ইসি সচিবালয়ে যান।

প্রথমে তারা ইসি সচিবের সঙ্গে এবং পরে নির্বাচন কমিশনার আবদুল মোবারকের কাছে লিখিত অভিযোগ দেন তারা।

নির্বাচন কমিশনার মোবারক তাদের জানান, সিইসি অসুস্থ।

তখন বিএনপির সংসদ সদস্য শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “ভোটের দিনেই সিইসি অসুস্থ! তাহলে নির্বাচনের কী অবস্থা হবে?”

তখন আবদুল মোবারক বলেন, “বলেছি তো সিইসি সাহেব অসুস্থ। সত্যি না হলে তার বাসায় গিয়ে দেখে আসতে পারেন। আর আমরা তো এসেছি।”

বিএনপির অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দেন এ নির্বাচন কমিশনার।