২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে কালো টাকা ছড়ানোর অভিযোগ বিএনপির

চার সিটিতে স্থানীয় প্রশাসনের সহায়তায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কর্মীরা ভোটারদের ‘ভয়ভীতি প্রদর্শন ও কালো টাকা’ ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2013, 06:20 PM

Updated : 23 Aug 2022, 10:58 AM

শুক্রবার রাতে এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে দলের যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “চার সিটি নির্বাচনে ক্ষমতাসীনরা ভোটাদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি ও কালো টাকা ছড়াচ্ছে। সরকার ও নির্বাচন কমিশন দ্বৈত ভূমিকা পালন করছে।”

এ অবস্থায় অবিলম্বে তিনি সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার সংসদে বিরোধী দলের ভারপ্রাপ্ত প্রধান হুইপ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সংসদ সদস্য জাফরুল ইসলাম চৌধুরী চার সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়ে স্পিকারের হস্তক্ষেপ কামনা করেন।

শনিবার সকাল ৮টা থেকে রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট শুরু হবে।

রাত পৌনে ১০টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সিটি কর্পোরেশনের নির্বাচন বিষয়ে সর্বশেষ অবস্থা জানাতে এই সংবাদ ব্রিফিং ডাকা হয়।

সদ্য কারামুক্ত বিএনপি নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উন্নয়ন প্রকল্প পরিদর্শনের নামে সিলেটে অবস্থান করে স্থানীয় প্রশাসনকে অবৈধ নিদের্শনা দিচ্ছেন। এটা নির্বাচনী আচরণ বিধির সম্পূর্ণ লঙ্ঘন।

তিনি বলেন, “আমরা জানতে পেরেছি, সিলেটে ২২টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে সরকার দলীয় প্রার্থীর পক্ষে নানা কলাকৌশলের অপচেষ্টা চলছে। পুলিশের সাবেক অতিরিক্ত মহা পরিদর্শক সৈয়দ বজলুল করীম সিলেটে অবস্থান করে পুলিশ প্রশাসনকে বিভিন্নভাবে প্রভাবিত ও এখতিয়ারবর্হিভূত নির্দেশনা দিয়ে আচরণ বিধি লঙ্ঘন করছেন।”

রাজশাহী সিটি করপোরেশনে ক্ষমতাসীনরা আচরণ বিধি লঙ্ঘন করছে অভিযোগ করে রিজভী বলেন, “আমাদের কেন্দ্রীয় নেতারা সেখান থেকে চলে এসেছেন। আমি রাজশাহীর ভোটার হওয়া সত্বেও পরিস্থিতি দেখে বিকালেই ঢাকার উদ্দেশ্যে রওনা হই। অথচ প্রধানমন্ত্রীর একজন বিশেষ সহকারী সেখানে অবস্থান করছেন।”

চার সিটি কর্পোরেশনে ভোটাদের ভয়ভীতি ও বস্তিতে অর্থ প্রদানের অভিযোগ করে তিনি বলেন, “আমরা খবর পেয়েছি, সরকার দলীয় প্রার্থীর কর্মীরা বস্তিতে কালো টাকা ছড়াচ্ছে। যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা অস্ত্র নিয়ে ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে।”

বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশনে ক্ষমতাসীন দলীয় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করে রিজভী বলেন, “বরিশালে ভোট গ্রহণের সময় ৩০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত হলেও আজ স্থানীয় প্রশাসন বলেছে, ১৫ জন ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে। এইভাবে ম্যাজিস্ট্রেট হ্রাস করে সরকার হীন উদ্দেশ্যে শুভঙ্করের ছক তৈরি করেছে বলে আমরা মনে করি।

“খুলনায় সরকার সমর্থিত প্রার্থীর স্ত্রী পাইওনিয়ার স্কুলের সভাপতি ধর্ম শিক্ষা বিষয়ক প্রশ্নপত্রে মেয়রের নাম উল্লেখ করে নির্বাচনী বিধি লঙ্ঘন করেছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। ভোটারদের প্রভাবিত করতে কালো টাকা ছড়ানো হচ্ছে।”

রিজভী নাম উল্লেখ না করে অভিযোগ করেন, একটি বেসরকারি চ্যানেল ভোট গ্রহণ শুরুর আগে নির্বাচনে কে এগিয়ে থাকবেন- এ রকম আগাম ফলাফল ঘোষণা করছে। এটা নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী বলে মনে করেন তিনি।

চার সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ পরিস্থিতি পর্যবেক্ষণ করতে শনিবার সকাল থেকে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে ‘কন্ট্রোল রুম’ খোলা থাকবে বলে জানান রিজভী।