২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারসাজি করতেই সেনায় আপত্তি: মওদুদ

চার সিটি করপোরেশনের নির্বাচনে ‘ভোটের ফলাফল পাল্টে’ দেয়ার জন্যই সরকার সেনা মোতায়েনে বিরত রয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2013, 08:51 AM

Updated : 13 Oct 2022, 02:52 PM

শুক্রবার সকালে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, “আমরা মনে করি- শনিবারের নির্বাচন বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের জন্য অগ্নিপরীক্ষা। সরকারের প্রভাবশালীরা চার সিটি করপোরেশনে নির্বাচনী বিধি লঙ্ঘন করছে। আমাদের কাছে খবর আছে, স্থানীয় প্রশাসন সরকার সমর্থিত প্রার্থীদের পক্ষে কাজ করে চলেছে।”

“আমরা  এখনো দাবি করছি, নির্বাচনের জন্য এখনই সেনা মোতায়েনের নির্দেশ দিন। যদি তা না হয়, তাহলে বুঝতে হবে- সরকার সেখানে ভোট জালিয়াতি, কেন্দ্র দখল ও ভোটের ফলাফল পাল্টে দিয়ে ক্ষষতাসীন দল সমর্থিত প্রার্থীদের বিজয়ী করতে চায়।”

শনিবার রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নতুন মেয়র নির্বাচনে ভোট হবে। আগের স্থানীয় সরকার নির্বাচনগুলোতে কোনো প্রার্থীকে প্রকাশ্যে সমর্থন না দিলেও জাতীয় নির্বাচনের ছয় মাস বাকি থাকতে চার সিটি কর্পোরেশনের এই নির্বাচনকে গুরুত্বের সঙ্গে নিয়েছে বিএনপি। প্রতি সিটিতেই নির্বাচনে আছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা।

বিএনপি আগে থেকেই স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়ে এলেও নিবাচন কমিশন মনে করছে, পুলিশ-বিজিবিসহ সাধারণ বাহিনী দিয়েই সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানে সক্ষম হবে তারা।

সরকার ও নির্বাচন কমিশনের সাড়া না পেয়ে সেনা মোতায়েনের বিষয়ে স্পিকারের হস্তক্ষেপ চেয়েছে বিএনপি।

বৃহস্পতিবার সংসদে বিরোধী দলের ভারপ্রাপ্ত প্রধান হুইপ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সংসদ সদস্য জাফরুল ইসলাম চৌধুরী স্পিকারের কাছে তাদের দাবির বিষয়টি তুলে ধরেন।

এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ করে, চার সিটি করপোরেশনে সরকারি দল সমর্থিত প্রার্থীদের পক্ষে সরকার প্রভাব খাটাচ্ছে।

তবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ তাদের বলন, এখন পর্যন্ত সেনা মোতায়েনের মতো কোনো পরিস্থিতি তিনি দেখছেন না।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের উদ্যোগে ‘চার সিটি করপোরেশনের নির্বাচনে সেনা মোতায়েনের দাবি ও নির্বাচন কমিশনের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় মওদুদ বলেন, “আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এখনো সময় আছে- নিজেদের সততা  ও গণতন্ত্রের প্রতি আস্থা প্রমাণের জন্য নির্বাচনে সেনা মোতায়েন করুন।”

স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে মওদুদ বলেন, “আমাদের কাছে রিপোর্ট আছে, সরকারের প্রভাবশালী ব্যক্তিরা পতাকা উড়িয়ে স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনের ওপর প্রভাব বিস্তার করছে। ক্ষমতাসীনদের কার্যক্রমে এটা স্পষ্ট - তারা মারিয়া হয়েছে উঠেছে।”

স্থানীয় প্রশাসন সরকারি দলের সমর্থিত প্রার্থীদের পক্ষে কাজ করছে এবং ‘কৌশলে’ সাধারণ ভোটারদের প্রভাবিত করছে বলেও তিনি অভিযোগ করেন।

মওদুদ বলেন, “সাতটা থানার ওসি কেন পরিবর্তন করা হয়েছে, তা আমরা বুঝি।”

বর্তমান নির্বাচন কমিশনকে ‘দন্তবিহীন ঠুটো জগন্নাথ’ প্রতিষ্ঠান আখ্যায়িত করে সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, নির্বাচনে সরকারের প্রভাবশালীরা আচরণ বিধি লঙ্ঘণ করলেও কারো বিরুদ্ধে ব্যবস্থ নিতে পারেনি এই কমিশন।

প্রশাসন ও সরকারের প্রতি স্থানীয় ভোটারদের ‘আস্থা না থাকার কারণেই’ আজ সেনা মোতায়েনের দাবি উঠেছে বলেও তিনি মন্তব্য করেন।

“সেনা বাহিনীর প্রতি জনগণের আস্থা আছে। তাহলে কেন সেনা মোতায়েনে সরকার ও নির্বাচন কমিশনের আপত্তি- এটা আজ পরিষ্কার। সরকার চায় পুলিশের ওপর নির্ভর করে নির্বাচন করতে। কারণ এই পুলিশ-র‌্যাব বাহিনীকে সরকার গত সাড়ে ৪ বছর বিরোধী দলের বিরুদ্ধে ব্যবহার করেছে। গ্রেপ্তার ও হাজার হাজার মিথ্যা মামলা দেয়া হয়েছে।”

বর্তমান নির্বাচন কমিশন ‘স্বাধীন ও নিরপেক্ষ’ কি না- শনিবারের নির্বাচনেই তা প্রমাণ হয়ে যাবে বলেও সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন এই বিএনপি নেতা।

তিনি বলেন, শনিবার ভোট দেয়ার সুযোগ পেলে ভোটাররা চার সিটি করপোরেশনের নির্বাচনে সরকার সমর্থিত প্রাথীদের বিরুদ্ধে ‘অনাস্থা’ জানাবে।

এ নির্বাচনে বিএনপির অংশ নেয়ার কারণ ব্যাখ্যা করেতে গিয়ে মওদুদ বলেন, “আমরা আন্দোলনের অংশ হিসেবেই চার সিটি কররোশনের নির্বাচনে প্রার্থীদের সমর্থন দিয়েছি। ফলাফল যাই হোক না কেন- এই আন্দোলন জোরদার ও অব্যাহত থাকবে।”

দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকারের অংশ নিলে বিএনপি আগামী জাতীয় নির্বাচনেও অংশ নেবে- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের জবাবে মওদুদ আহমদ বলেন, “স্থানীয় সরকার নির্বাচন ও জাতীয় নির্বাচনে আকাশ-পাতাল তফাৎ। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, কোনো দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন হতে দেয়া হবে না। নির্দলীয় সরকারের অধীনেই সেই নির্বাচন হতে হবে।”

ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, লিবারেল ডেমোক্রেটিক পার্টির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এই আলোচনা সভায় বক্তব্য দেন।