২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা মোতায়েনে স্পিকারের হস্তক্ষেপ চেয়েছে বিএনপির

চার সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনে সরকার ও নির্বাচন কমিশনের সাড়া না পেয়ে স্পিকারের হস্তক্ষেপ চেয়েছে বিএনপি। 

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2013, 10:22 AM

Updated : 23 Aug 2022, 10:58 AM

বৃহস্পতিবার সংসদে বিরোধী দলের সদস্যরা এই দাবি জানালে তার প্রতিক্রিয়ায় সরকারি দলের সদস্যরা বলেছেন, পরাজয় নিশ্চিত জেনে এই দাবি তুলেছে বিরোধী দল।

রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল সিটিতে আগামী শনিবার অনুষ্ঠেয় নির্বাচনে বিরোধী দল সমর্থিত প্রার্থীরা সেনা মোতায়েনের দাবি জানিয়ে আসছে।

তবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ বলছেন, সেনা মোতায়েনের মতো পরিস্থিতি হয়নি।

বৃহস্পতিবার সংসদে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দলের ভারপ্রাপ্ত প্রধান হুইপ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সংসদ সদস্য জাফরুল ইসলাম চৌধুরী সিটি নির্বাচনে সেনা মোতায়েনের দাবি তোলেন। 

স্পিকার শিরীন শারমিন চৌধুরী এ সময় অধিবেশনে  সভাপতিত্ব করছিলেন।

এ্যানি বলেন, “চার সিটিতে ভোটাররা আতঙ্কে। সেখানে অস্ত্রের মহড়া চলছে, সন্ত্রাসীরা অাধিপত্য বিস্তার করছে, পুলিশ নিষ্ক্রিয়।”

তিনি দৈনিক নয়াদিগন্ত ও যুগান্তর পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন দেখিয়ে বলেন, বরিশাল ও রাজশাহীতে সন্ত্রাসী কার্যক্রম চলছে।

“মন্ত্রী ও সংসদ সদস্যরা নির্বাচনে প্রভাব খাটানোতে ব্যস্ত রয়েছে বলেই সংসদে কোরাম সঙ্কট হচ্ছে,” অভিযোগ তোলেন এ্যানি।

তিনি বলেন, “আমরা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের স্বার্খে চারটি সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিয়েছি। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অবিলম্বে সেনা মোতায়েনের জন্য আপনার (স্পিকার) দৃষ্টি আকর্ষণ করছি। আশা করছি আপনি এ বিষয়ে তাগিদ দেবেন।”

জাফরুল ইসলাম বলেন, “নির্বাচনে মন্ত্রী-সংসদ সদস্য-হুইপরা গিয়ে প্রভাব বিস্তার করছে।”

Image
সংসদ অধিবেশনে সরকারি দল ও বিরোধী দলের একসঙ্গে উপস্থিত থাকার এই ছবি গত জুন মাসের।

সংসদ অধিবেশনে সরকারি দল ও বিরোধী দলের একসঙ্গে উপস্থিত থাকার এই ছবি গত জুন মাসের।

এরপর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, “নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে। তারা (বিএনপি) নিশ্চিত হারবে বলেই এসব (সেনা মোতায়েন) অজুহাত দিচ্ছে।

“মাননীয় সদস্য (এ্যানি) পত্রিকার উদাহরণ দিয়েছেন। পত্রিকার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া যায় না। কিছু কিছু পত্রিকা উদ্দেশ্যপ্রণোদিত নিউজ করে সরকারবে বিব্রত করছে।”

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের আগেও বিএনপি একই দাবি তুলেছিলো।  “পরে জয়ী হয়ে চুপ হয়ে গেছে,” বলেন সেলিম।  

সরকারি দলের এই সংসদ সদস্য অভিযোগ করেন, বরিশালে বিএনপির প্রার্থী ‘সন্ত্রাসী কার্যক্রম’ চালাচ্ছে।

আওয়ামী লীগের সংসদ সদস্য ফজলে রাব্বি মিয়া বলেন, “মাগুরা স্টাইলে নির্বাচন এই সরকারের আমলে একটিও হয়নি। নির্বাচন কমিশন নিরপেক্ষ। নির্বাচন কমিশনকে নির্বাচন করতে দিন, দেখা যাক তারা কী করে।”