বাগেরহাটে ছাত্রলীগের হামলায় ৭ কলেজ শিক্ষক আহত
বাগেরহাটের শরণখোলায় একটি কারিগরি কলেজে ছাত্রলীগের হামলায় সাত শিক্ষক আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার দুপুরের দিকে ‘রাজনৈতিক দ্বন্দ্বের’ জেরে এ হামলা হয় বলে জানান অধ্যক্ষ মাহমুদুল হাসান।
অধ্যক্ষ মাহমুদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান কলেজ পরিচালনা পরিষদের একজন সদস্য। তার সঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন আকনের বিরোধ রয়েছে।
“তিনি কলেজে আছেন এমন খবর পেয়েই ছাত্রলীগ এ হামলা চালাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
এ সময় কলেজের বিভিন্ন কক্ষের কাঁচ ও একটি মোটরসাইকেল ভাংচুর করা হয়। এছাড়াও হামলায় সাত শিক্ষক আহত হন বলে জানান কলেজ অধ্যক্ষ।
শরণখোলা থানার ওসি মো. হুমায়ুন কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডিএন কারিগরি কলেজে হামলাকারী ছাত্রলীগ কর্মীদের ধরার চেষ্টা চলছে।
হামলায় আহতরা হলেন- কলেজের উপাধ্যক্ষ মনিরুল ইসলাম বাবুল, প্রভাষক মিজানুর রহমান, মিজানুর রহমান পাইক, মঞ্জুরুল ইসলাম খোকন, উজ্জ্বল কুমার, শামিম হাসান সুজন ও ইব্রাহিম।
এদের মধ্যে উপাধ্যক্ষকে শরণখোলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
এ ব্যাপারে ছাত্রলীগের সভাপতি বাদশা আলমগীর ও সাধারণ সম্পাদক হুমায়ুন করিম সুমনের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন রিসিভ করেননি।
